যানবাহনে পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সিএনজির দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পেট্রোবাংলা প্রতি ঘনমিটার সিএনজির বর্তমান দাম ১৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার একটি প্রস্তাব গত মঙ্গলবার এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠিয়েছে।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, পেট্রোবাংলার নির্দেশনা অনুযায়ী গত মে মাসের মাঝামাঝি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সিএনজির দাম বাড়ানোর প্রস্তাব তৈরি করে পেট্রোবাংলায় পাঠায়। ওই মাসেই পেট্রোবাংলা প্রস্তাবটি অনুমোদনের জন্য পাঠায় জ্বালানি মন্ত্রণালয়ে।দাম বাড়ানোর যৌক্তিকতা: প্রস্তাবে বলা হয়েছে, গত শতকের আশির দশকে দেশে সিএনজি-সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পেট্রল, অকটেন, ডিজেল ইত্যাদি জ্বালানির দাম যে হারে বেড়েছে; সিএনজির দাম সে হারে বাড়েনি। এ দেশে সিএনজির বর্তমান দাম পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় গড়ে প্রায় ৩৫ শতাংশ কম। এখানে তরল জ্বালানির তুলনায় সিএনজি প্রায় ৮০ শতাংশ সাশ্রয়ী। ফলে এর ব্যবহার বাড়তে থাকায় জ্বালানি ও পরিবহন ব্যবস্থাপনায় অসুবিধা হচ্ছে।দাম বাড়ানোর পক্ষে যুক্তি হিসেবে প্রস্তাবে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট ও এনজিএল প্রক্রিয়াকরণের মাধ্যমে এলপিজি, পেট্রল ও ডিজেল উৎপাদন করা হয়। সিএনজির দাম কম হওয়ায় দেশে উৎপাদিত পেট্রলের চাহিদা কমে গেছে। কিন্তু এই পেট্রল রাখার জন্য প্রয়োজনীয় জায়গা নেই। যেহেতু গ্যাস উৎপাদন বন্ধ রাখা সম্ভব নয়, তাই উৎপাদিত কনডেনসেট কম দামে রপ্তানি করতে হচ্ছে।যানজট কমানো: প্রস্তাবে বলা হয়েছে, জ্বালানি খরচ কম হওয়ায় সিএনজিচালিত গাড়ির ব্যবহার এবং যানবাহনের সংখ্যা অধিক হারে বাড়ছে। মহানগর এলাকায় প্রয়োজনীয়সংখ্যক ও পরিমাণমতো সড়ক না থাকায় এসব যানবাহন ব্যাপক জটের সৃষ্টি করছে। সিএনজির দাম বাড়লে যানবাহনের সংখ্যা বৃদ্ধির হার কমবে এবং অতিরিক্ত গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার নিরুৎসাহিত হবে। এতে যানজট কমবে।সম্ভাব্য প্রতিক্রিয়া: সিএনজি খাতে বর্তমানে দৈনিক প্রায় ১০ কোটি ঘনফুট গ্যাস ব্যবহূত হচ্ছে। দাম বাড়ানো হলে ব্যবহার আট কোটি ঘনফুটে নামবে। প্রতি ঘনমিটার সিএনজির ফিড গ্যাসের (সিএনজি স্টেশনে ব্যবহারের জন্য সরবরাহ করা গ্যাস) বর্তমান দাম নয় টাকা ৯৭ পয়সা থেকে বাড়িয়ে সাড়ে ১৭ টাকা করা হলে প্রতি ঘনমিটার ফিড গ্যাস থেকে অতিরিক্ত আয় হবে সাত টাকা ৫৩ পয়সা। এতে সরকারের বার্ষিক রাজস্ব আয় বাড়বে প্রায় ৬০২ কোটি টাকা।সিএনজির দাম বাড়লে মালামাল ও যাত্রী বহনকারী গণপরিবহন ব্যয় বাড়তে পারে। এতে যাত্রীদের দুর্ভোগ ও দ্রব্যমূল্য বাড়তে পারে। সিএনজির দাম বাড়ালে স্টেশন-মালিকের বিনিয়োগ বাড়বে। সিএনজি বিক্রি কমতে পারে। এতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ জন্য তাঁদের মুনাফা প্রতি ঘনমিটারে বর্তমানের দুই টাকা ৬৬ পয়সা থেকে বাড়িয়ে তিন টাকা ৩৮ পয়সা করারও প্রস্তাব করা হয়েছে। দাম কমলে শহরে সিএনজির ব্যবহার কমবে, পেট্রল ও ডিজেলের ব্যবহার বাড়বে। এতে পরিবেশদূষণের মাত্রা বাড়তে পারে।দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠানোর কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনুসর। বিইআরসি সূত্র জানায়, এ ধরনের প্রস্তাব গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি শুনানির আয়োজন করতে হয়। সেখানে প্রস্তাবটি গৃহীত হলে এর পরবর্তী ৯০ কার্যদিবসের মধ্যে গণশুনানিসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে সিদ্ধান্ত জানানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে।দেশে বিভিন্ন সময়ে সিএনজি স্টেশনের ফিড গ্যাস ও সিএনজির দাম নির্ধারণ এবং স্টেশন-মালিকদের মুনাফার চিত্র নিম্নরূপ:গেজেট প্রকাশ ফিড গ্যাসের মূল্য সিএনজির বিক্রয়মূল্য বিনিয়োগকারীর গ্রস মার্জিন(টাকা/ঘনমিটার) (টাকা/ঘনমিটার) (টাকা/ঘনমিটার)জুন, ১৯৯২ ১.৫২ ৭.৪৫ ৫.৯৩ জুন, ২০০৪ ২.৪৭ ৮.৫০ ৬.০৩ এপ্রিল, ২০০৮ ৯.৯৭ ১৬.৭৫ ৬.৭৮ প্রস্তাবিত ২০১০ ১৭.৫০ ২৫.০০ ৭.৫০