প্রতি জেলায় স্থাপিত হবে শিশু আদালত (ভিডিও)
প্রতি জেলায় শিশু আদালত স্থাপনের সুযোগ রেখে নতুন শিশু আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে শিশু আইন-২০১৩-এর খসড়ার অনুমোদন পেয়েছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, আইনে শিশুর প্রতি ‘নিষ্ঠুরতা’ দেখানোর জন্য শাস্তি বাড়ানো হয়েছে। আগে শিশুর অধিকার খর্ব করা হলে বা শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হলে অপরাধীকে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান ছিল। নতুন আইনে শাস্তির মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানার বিধান রাখা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রস্তাবিত এ আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৭৪ সালের আগের আইনে এটি স্পষ্ট ছিল না। তবে ২০১০ সালের জাতীয় শিশু নীতিতে ১৮ বছরের কম বয়সী সবাইকে শিশু হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইন পাস হলে শিশু কল্যাণ বোর্ড গঠনের সুযোগ হবে, যার মাধ্যমে প্রতিটি থানায় শিশু-কিশোর ডেস্ক এবং প্রতি জেলায় শিশু আদালত তৈরি করা যাবে।