প্রতি জেলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল চাই
সরকার গত ১৬ সেপ্টেম্বর এসআরও নং ৩১৭-আইন/২০১২-এর মাধ্যমে সারা দেশে ১২টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করেছে এবং এদের স্থানীয় অধিক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারকদের ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১২টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল হলো: ১. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, যশোর (স্থানীয় অধিক্ষেত্র যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা)। ২. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ফরিদপুর (স্থানীয় অধিক্ষেত্র ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা)। ৩. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লা (স্থানীয় অধিক্ষেত্র কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা)। ৪. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, নোয়াখালী (স্থানীয় অধিক্ষেত্র নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা)। ৫. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, টাঙ্গাইল (স্থানীয় অধিক্ষেত্র টাঙ্গাইল জেলা)। ৬. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, খুলনা (স্থানীয় অধিক্ষেত্র খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, জেলা)। ৭. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, রংপুর (স্থানীয় অধিক্ষেত্র রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা)। ৮. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, বরিশাল (স্থানীয় অধিক্ষেত্র বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা)। ৯. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, সিলেট (স্থানীয় অধিক্ষেত্র সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা)। ১০, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, বগুড়া (স্থানীয় অধিক্ষেত্র বগুড়া, জয়পুরহাট জেলা)। ১১. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, পাবনা (স্থানীয় অধিক্ষেত্র পাবনা ও সিরাজগঞ্জ জেলা)। ১২. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ময়মনসিংহ (স্থানীয় অধিক্ষেত্র ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা)।ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মূল কাজ হচ্ছে, বর্তমান রিভিশনাল জরিপের চূড়ান্তভাবে প্রস্তুত খতিয়ান-সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করা। বাংলাদেশের বিভিন্ন জেলায় রিভিশনাল জরিপ কার্যক্রম চলছে। ইতিমধ্যে বিভিন্ন জেলার অনেক মৌজার চূড়ান্তভাবে প্রস্তুত খতিয়ানের পরচা প্রকাশিত হয়েছে এবং তৎসম্পর্কে গেজেট হয়েছে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সিলেটের স্থানীয় অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে চারটি জেলা: যথা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। এই অধিক্ষেত্র বিবেচনায় দেখা যায় যে আরএস জরিপের পরচায় কোনো ভুল থাকলে এর জন্য একজন লোককে হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে ২০০-২৫০ মাইল পথ পাড়ি দিয়ে সিলেটের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাছে বিচারপ্রার্থী হতে হবে। এর ফলে একজন মানুষের মূল্যবান সময় নষ্ট হবে, অপরদিকে অর্থের অপচয় হবে এবং শারীরিক ও মানসিক কষ্ট হবে। মোকদ্দমার সংখ্যার দিক যদি বিবেচনায় নিই, তাহলে দেখা যায় যে জরিপ কার্যক্রমে যেসব ভুল হচ্ছে এর ফলে প্রতি জেলায় কয়েক হাজার মোকদ্দমার উদ্ভব হবে। এ ক্ষেত্রে একটি মাত্র ট্রাইব্যুনাল দ্বারা চারটি জেলার সব মোকদ্দমা কতটুকু দ্রুততম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে? সরকারের মূল উদ্দেশ্য হলো, দেশের প্রজাসাধারণের জন্য কম খরচে এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করা। বিচার আদালত যতটুকু সম্ভব জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া। কিন্তু কয়েকটি এলাকার জন্য একটি মাত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করল, যা বিশাল এক জনগোষ্ঠীর জন্য ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হবে। প্রত্যেক জেলায় এক বা একাধিক যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারক রয়েছেন। সরকার ইচ্ছা করলে তাঁদের নিয়ে প্রত্যেক জেলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করতে পারে। এর জন্য সরকারের ইচ্ছাই যথেষ্ট। স্ট্যাট একুইজিশন এবং টেনান্সি অ্যাক্টের ১৪৫ ধারার বিধানমতে, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার অথবা চূড়ান্তভাবে পরচা প্রকাশিত হওয়ার এক বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। যেহেতু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এর মধ্যে যেসব পরচা প্রকাশিত হয়েছে, সেসব পরচা সম্পর্কে জনগণকে এক বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। অন্যথায় আইনি জটিলতায় পড়তে হবে। সময়ের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে জনগণের আর্থিক ক্ষতি, শারীরিক, মানসিক কষ্টের কথা বিবেচনা করে সরকার অচিরেই প্রত্যেক জেলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করবে এই প্রত্যাশা থাকল। লেখক আইনজীবী, জজকোর্ট, হবিগঞ্জ।