প্রতি জেলায় হচ্ছে পরিবেশ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে পরিবেশ আইনের সংশোধন করা হয়েছে। আইনের সংশোধন অনুযায়ী দেশের প্রতিটি জেলায় গঠন করা হচ্ছে পরিবেশ আদালত। এ সংশোধনীর ফলে আগে যেমন পরিবেশবিষয়ক যেকোনো মামলা করার অধিকার শুধু পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছিল। পরিবেশ আইনে অন্য কারও মামলা করার অধিকার ছিল না। শুধু ঢাকা, সিলেট ও রাজশাহীতে পরিবেশ আদালত ছিল। এখন দেশের প্রতিটি জেলায় গড়ে ওঠা পরিবেশ আদালতে যে কেউ পরিবেশ সুরক্ষায় পরিবেশ দূষণের সঙ্গে জড়িত যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর এবং এর বিভাগীয় অফিসগুলোতে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের মামলার পরিসংখ্যান অনুযায়ী ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৫০টি মামলা, ২০০৭-২০০৮ সাল পর্যন্ত ১৮৮টি, ২০০৯ থেকে ২০১১ এর মে পর্যন্ত প্রায় ৩০০ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৯১টি রয়েছে পাহাড় কাটা মামলা। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বলেন, এখন হাইকোর্ট থেকে এ মামলাগুলোর নিষ্পত্তির হার বেড়েছে। জোরদার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সঙ্গে সঙ্গেই। ফলে বাড়ছে রিটের আবেদন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আইনের সংশোধনে পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ করা হয়েছে। তবে এখনো প্রতিটি জেলায় যে পরিবেশ আদালত স্থাপন করা হচ্ছে সে সম্পর্কে জানেন না অনেক সাধারণ মানুষ। সে ক্ষেত্রে গণমাধ্যমে ব্যাপক প্রচার হলে এ সম্পর্কে মানুষ আরও জানতে পারবে বলে আশা করছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।