বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে খোলাবাজারে চাল-আটা বিক্রি বা ওএমএস কার্যক্রম আরও জোরদার হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের নির্দেশে ঢাকা শহরে প্রতিটি ট্রাকে কমপক্ষে ৫০০ কেজি আটা বিক্রি বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া দেশের জেলা শহরগুলোয় চাহিদার ভিত্তিতে আটা বিক্রির পরিমাণ বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত ওএমএস কার্যক্রম পর্যালোচনা সভায় এ নির্দেশ দেওয়া হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সভায় সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, বর্তমানে ঢাকা শহরের ২০০টি ট্রাকসহ সারা দেশে ৯২২ জন ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচি চালানো হচ্ছে। ঢাকা শহরের বাইরে প্রতিটি জেলায় প্রতিদিন ১০ থেকে ১২ টন করে আটা বিক্রি করা হচ্ছে। মন্ত্রী জেলার চাহিদার ভিত্তিতে এর পরিমাণ ১৫ থেকে ২০ টনে বাড়ানোর নির্দেশ দেন।ওএমএস কার্যক্রমে প্রতি কেজি চাল ২৪ টাকা এবং প্রতি কেজি আটা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে জন্য মাঠপর্যায়ের পর্যবেক্ষণ কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে নিয়মিতভাবে পর্যবেক্ষণের কাজ পরিচালনারও সিদ্ধান্ত হয়।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে খোলা আটার দাম প্রায় ৪ শতাংশ এবং প্যাকেটজাত আটার দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। বাজারে প্রতি কেজি খোলা আটা ২৫ থেকে ৩৩ টাকা এবং প্যাকেট আটা ৩২ থেকে ৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সভায় চাল ও গমের সরকারি মজুত পরিস্থিতি এবং বেসরকারিভাবে আমদানি করা চাল-গমের অবস্থাও পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, বর্তমানে সরকারি গুদামে ১২ লাখ ২৫ হাজার টন চাল এবং দুই লাখ ৩২ হাজার টন গম মজুত রয়েছে। পাইপলাইনে আরও তিন লাখ ৫০ হাজার টন চাল রয়েছে, যার দুই লাখ ৫০ হাজার টন আমদানি করা এবং এক লাখ টন অভ্যন্তরীণ বাজার থেকে পাওয়া যাচ্ছে। এ ছাড়া দুই লাখ ২৮ হাজার টন গম পাইপলাইনে রয়েছে।সভায় বলা হয়, মজুতের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। ফলে ওএমএস কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা নেই। বেসরকারি পর্যায়ে গত তিন মাসে এক লাখ চার হাজার টন গম এসেছে বলে সভায় জানানো হয়।মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান, মইনুল হক, খাদ্য অধিদপ্তরের পরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।