প্রতি মাসে ১০ হাজার কর্মী নেবে সৌদি আরব
বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার কর্মী নেবে সৌদি আরব। প্রাথমিকভাবে তারা গৃহকর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর দেশটি পর্যায়ক্রমে মালি, নিরাপত্তা কর্মী, গাড়ির চালক ও অন্যান্য পেশার লোক নেবে। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটির (সানারকম) আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে। আর ওই বৈঠক শেষে মন্ত্রী এ সংবাদ সম্মেলন করেন। মন্ত্রী বলেন, সৌদি আরব দীর্ঘ দুই বছর পর বাংলাদেশ থেকে ব্যাপক হারে লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি সরকার আপাতত প্রতি মাসে ১০ হাজার গৃহকর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। এ জন্য বাংলাদেশিদের এক টাকাও খরচ করতে হবে না। সৌদি আরবের যে প্রতিষ্ঠান লোক নেবে তারা প্রতি কর্মীর বিপরীতে ৮০০ মার্কিন ডলার করে পাঠাবে। এ টাকায় কর্মীর বিমান ভাড়া, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ হয়ে যাবে। কাজেই কোনো কর্মীকে এক টাকাও খরচ করতে হবে না। আর একজন গৃহকর্মীর মাসে বেতন হবে বাংলাদেশি টাকায় ১২ হাজার টাকা।এর পরও যদি কোনো রিক্রুটিং এজেন্সি কোনো কর্মীর কাছ থেকে টাকা নেয়, তাহলে কঅ হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি কর্মীদের অনুরোধ করব কাউকে এক টাকাও না দেওয়ার জন্য। এর পরও যদি কোনো এজেন্সি টাকা নেয়, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।’ মন্ত্রী বলেন, ইতিমধ্যে কর্মীদের নাম নিবন্ধন ও তাঁদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মাস দুয়েকের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে ফের লোক যাওয়া শুরু হবে বলে তিনি আশা করে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব। সেখানে বাংলাদেশের ২০ থেকে ২৫ লাখ লোক আছে। তবে গত দুই বছর দেশটি বাংলাদেশে থেকে লোক নেওয়া বন্ধ রেখেছিল। দীর্ঘ দুই বছর পর তারা আবার বাংলাদেশ থেকে লোক নেওয়ার ঘোষণা দিল।