প্রতি মাসেই তিনি নতুন মডেলের গাড়িতে চড়তেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কোনো গাড়ি নেই, কিন্তু প্রতি মাসেই তিনি নতুন মডেলের গাড়িতে চড়তেন। আর এসব গাড়ি তাঁকে কিনতে হয়নি, সবই ছিল চুরি করা। দুই বছর ধরে এভাবেই গাড়ি চুরি করে চলছিলেন ওয়াহিদ সফিক। র‌্যাবের হাতে ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান তিনি। তাঁর স্বীকারোক্তির সূত্র ধরে আরও দুটি চোরাই গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে একটি চোরাই গাড়িসহ র‌্যাব-১-এর কর্মকর্তারা সফিককে হাতেনাতে ধরে ফেলেন। এরপর র‌্যাব কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।সফিককে জিজ্ঞাসাবাদের পর নারায়ণগঞ্জ থেকে আল আমিন ভূঁইয়া, ফরিদ ভূঁইয়া ও শামীম নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁদের কাছ থেকে তিনটি চোরাই গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে সফিক জানান, প্রায় দুই বছর ধরে তিনি গাড়ি চুরি করছেন। কত গাড়ি চুরি করেছেন, তাঁর হিসাব জানেন না তিনি। তবে চুরি করা গাড়ি তিনি বেশি দিন রাখেন না। নামমাত্র দামে এসব গাড়ি বিক্রি করে দেন। কারা তাঁর গাড়ির ক্রেতা—র‌্যাব কর্মকর্তাদের এমন প্রশ্নের জবাবে, সফিক জানান, তিনি মাদক ব্যবসায়ীদের কাছেই গাড়ির বিক্রি করেন। তাঁরা সীমান্ত থেকে মাদক ঢাকায় নেওয়ার কাজে এসব গাড়ি ব্যবহার করেন। ভাড়া করা চালক দিয়ে এসব গাড়ি চালানো হয়। পুলিশের হাতে গাড়ি ধরা পড়ার পর চালক সেটি ফেলে দিয়ে পালিয়ে যান।সফিক র‌্যাবকে জানান, গাড়ি চুরির জন্য তিনি গুলশান ও বনানীর অভিযান মার্কেট ও ভবনে ওত পেতে থাকেন। কেউ নতুন গাড়ি নিয়ে এলে গাড়িচালকের অবস্থান লক্ষ করেন। এরপর সুযোগ বুঝে গাড়ি নিয়ে চম্পট দেন। সাধারণ মালিকচালিত গাড়িই তিনি চুরি করতেন বলে স্বীকার করেন। সফিক আরও জানান, তাঁর কাছে একটি মূল চাবি আছে। এ চাবি দিয়ে যেকোনো গাড়ির দরজা খোলা যায় ও ইঞ্জিন চালু করা যায়।