প্রতি হেক্টরে ধানের ফলন এক টন বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৫ সালের মধ্যে দেশের জনসংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে যাবে। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ সময়ের মধ্যে প্রতি হেক্টর জমিতে ফলন কমপক্ষে এক টন বাড়াতে হবে এবং প্রতিকূল পরিবেশ সহনীয় নতুন জাতের ধান উদ্ভাবনে উদ্যোগ নিতে বিজ্ঞানীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধানবিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘আমাদের হেক্টরপ্রতি ধানের ফলন ২ দশমিক ৮ মেট্রিক টন। বিশ্বের অনেক দেশের তুলনায় এটা অনেক কম। আমাদের আবহাওয়ায় কী করে আরও ফলন বাড়ানো যায়, তা নিয়ে আপনাদের কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের ধান উৎপাদনের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, বিশ্বের যে ১১৪টি দেশে ধান উৎপাদিত হয়, তার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ৮০ শতাংশ ক্যালরি আসে ধান থেকে। কাজেই খাদ্যনিরাপত্তার জন্য আমাদের ধানের ফলন বাড়াতে হবে।’ শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ২০১৩ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কৃষি খাতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।জনসংখ্যা বৃদ্ধি, নদীভাঙন, শিল্পকারখানা তৈরির কারণে প্রতিবছর আমাদের এক লাখ হেক্টর ফসলের জমি বেরিয়ে যাচ্ছে—এ তথ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই দফা সারের দাম কমানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৯০ টাকা কেজি দরের সার এখন ২২ টাকায় বিক্রি হচ্ছে। ইরির সহযোগিতায় ব্রির বিজ্ঞানীরা ব্রি ধান-৫১ ও ব্রি ধান-৫২ উদ্ভাবন করেছেন, যা বর্ষার পানিতে ডুবে গেলেও ফলন দেবে। অতি সম্প্রতি বাংলাদেশ পাটের জন্মরহস্য উন্মোচন করেছে। এতে বাংলাদেশ পাটের মেধাস্বত্ব অধিকার পাবে। বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ইরির সহযোগিতায় বাংলাদেশ এ পর্যন্ত পাঁচটি হাইব্রিড ও ৫০টি উচ্চফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে। দেশের ৭৫ শতাংশ জমিতে উফশী জাতের ধান চাষ হয় এবং ৮৭ শতাংশ চাল আসে এই জাত থেকে। অল্প দিনে উৎপাদিত হয় ও লবণাক্ত-সহিষ্ণু জাত উদ্ভাবনে ইরির সহযোগিতা চান তিনি। যমুনা সেতু হওয়ার পর উত্তরবঙ্গের কৃষিজমির পরিমাণ কমে আসছে, ভূগর্ভস্থ পানির পরিমাণও কমছে—এ তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো চালু হলে উত্তরবঙ্গের কৃষিজমি শিল্প ও ব্যবসা-বাণিজ্যে বেশি ব্যবহূত হবে। ফলে আগামী দিনের খাদ্যনিরাপত্তার জন্য আমাদের দেশের দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হবে। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘২০০৭ সালের আমন মৌসুম থেকে আমরা শিক্ষা নিয়েছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিকল্প নেই।’ ইরির বিজ্ঞানীদের সুপার রাইস ও গোল্ডেন রাইস উদ্ভাবনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এই জাতগুলোকে কাজে লাগানোর ব্যাপারে ইরির সহযোগিতার প্রয়োজন হবে। ইরির মহাপরিচালক রবার্ট এস জিগলার বলেন, বাংলাদেশে প্রতিবছর ২০ লাখ মানুষ বাড়ছে। এই বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ করতে আরও নতুন জাতের ধান উৎপাদন করতে হবে। বাংলাদেশের বিজ্ঞানীরা এরই মধ্যে বেশ কয়েকটি হাইব্রিড ও বিআর-৫১ ও বিআর-৫২ জাতের ধান উদ্ভাবন করেছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে ইরি সহযোগিতা দেবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইরির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি জয়নাল আবেদিন। ‘বাংলাদেশে ধানের উন্নয়ন ও ইরির ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবির। তিনি বলেন, ধান চাষে এক টাকা বিনিয়োগ করলে ২৮ টাকা ফেরত আসে। দেশে ২৫০ জন আধুনিক শিক্ষায় শিক্ষিত ধানবিজ্ঞানী রয়েছেন—উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে দেশের বিজ্ঞানী ও প্রতিষ্ঠান দিয়ে খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে।