প্রতিকারহীন, শক্তের অপরাধে
রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে আছে। রক্তাক্ত চাঁপা রানীকে পাঁজাকোলা করে তুলে নিয়েছিলেন স্বামী স্বপন কুমার। মাথার পেছন দিকে একটা বেশ বড় ও গভীর ক্ষত তৈরি হয়েছিল। হাত দিয়ে সেখানটায় চেপে ধরে রেখেছিলেন। সেই অবস্থায় নিয়ে গেলেন স্থানীয় হাসপাতালে। তারপর সেখান থেকে ফরিদপুর সদর হাসপাতাল। ‘চাঁপার তো তখন সংজ্ঞা নাই। সংজ্ঞা আর ফেরেওনি। ফরিদপুর সদর হাসপাতালে যখন চিকিৎসকেরা ওর হাত থেকে স্যালাইনের সিরিঞ্জ খুলে নিচ্ছিলেন, তখন পাশ থেকে কে যেন আমাকে বলল, ওটিতে নেবে তাই। কিন্তু অপারেশন থিয়েটারে নিতে হলে স্যালাইন খুলবে কেন? দেখি নার্সরা চাদর দিয়ে ওর মুখ ঢেকে দিচ্ছেন। তখন বুঝলাম, সব শেষ। সেই রক্তমাখা জামা রেখে দিয়েছি। ধুইনি। ওর খুনিদের আমি কোনো দিন ক্ষমা করব না’—স্বপন কুমার বিশ্বাস বলছিলেন গত ২৯ অক্টোবর শুক্রবার স্ত্রীর আদ্যশ্রাদ্ধের দিনে।ফরিদপুর চিনিকলের জ্যেষ্ঠ করণিক চাঁপা রানী ভৌমিক তাঁর স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্তকারীর হাতে খুন হয়েছেন গত মঙ্গলবার ২৬ অক্টোবর। ফরিদপুর উপজেলার মধুখালী উপজেলায় পূর্ব গাড়াখোলাপাড়ায় বাড়ির সামনেই এলাকার বখাটে দেবাশীষ সাহা ওরফে রনি তাঁকে সজোরে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনা দেশবাসী কারও অজানা নেই। ঠিক একইভাবে চাঁপা রানীর হত্যার মাত্র কয়েক দিন আগে বখাটেদের মোটরসাইকেলের ধাক্কায় নাটোরের লোকমানপুরে খুন হলেন কলেজশিক্ষক মিজানুর রহমান। তিনিও স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্তকারীদের প্রতিরোধ করার জন্য আন্দোলন গড়ে তুলছিলেন।শুধু উত্ত্যক্তকারী নয়, এরা সন্ত্রাসীচাঁপা রানীর মা-হারা মেয়েদের সান্ত্বনা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছিলেন, ‘স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্তকারীরা কেবল বখাটেই নয়, এরা সন্ত্রাসী। এদের মুক্ত থাকতে দেওয়া হবে না।’ তাঁর কথায় স্পষ্ট হয়েছে, দেশের স্কুল-কলেজের ছাত্রীরা এখন সন্ত্রাস-কবলিত এবং এদের প্রতিবাদ করার চেষ্টার পরিণতি যে কতটা ভয়াবহ, চাঁপা রানী ও মিজানুর রহমানের হত্যার মধ্য দিয়েই তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। সারা দেশেই আজ ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা কেবল উত্ত্যক্ত করার মধ্যেই সীমাবদ্ধ নেই, পরিণত হয়েছে নৃশংস হত্যাকাণ্ডে।এরা কারা?ছাত্রীদের উত্ত্যক্তকারীরা বহিরাগত নয়, তারা নিজ এলাকারই। দেখা যাচ্ছে, এদের অধিকাংশই এলাকার প্রভাবশালী, বিত্তশালী পরিবারের বখে যাওয়া সন্তান। নানা উৎস থেকে তাদের হাতে কাঁচা পয়সা আসে। অনেকে মাদকাসক্ত এবং তাদের লেখাপড়া বেশি দূর এগোয়নি। এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষ তাদের ভয় পায়। উপরন্তু মেয়ের নিরাপত্তা ও সামাজিক সম্মানের বিষয়টি ভেবে তাঁরা উত্ত্যক্ত করার বিষয়ে থানা পুলিশের সহায়তা নিতে সাহস করেন না। বিশেষ করে বাস্তব অভিজ্ঞতা থেকে এমন ধারণাই বেশির ভাগ মানুষের মনে বদ্ধমূল যে, এসব বখাটে সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করতে গেলে উল্টো ঘটনাই ঘটবে। তারা তাদের প্রভাব, প্রতিপত্তি ও অর্থের জোরে পরিস্থিতি তাদের অনুকূলে নিয়ে আসবে। বেরিয়ে আসবে আইনের ফাঁক গলে। তারপর আসবে প্রতিশোধ নিতে। তখন অভিযোগকারীকে নিরাপত্তা দেবে কে? এ কারণে এদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে অনেকেই নিরুৎসাহী। এমনকি কেউ সাহস করে মামলা করলেও উপযুক্ত সাক্ষীও মেলে না। সন্ত্রাসীদের ভয়ে সাক্ষীরা নীরব থাকেন বা বিরত থাকেন সাক্ষী দেওয়া থেকে।চাঁপা রানীর হত্যার বিচার হবে!মধুখালী থানায় ৩০২ ধারায় হত্যা মামলা করেছেন চাঁপার ভাই অরুণ কুমার ভৌমিক। মন্ত্রী ও সাংসদেরা সান্ত্বনা দিতে এসে বলেছেন এই হত্যার বিচার হবে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ‘আমি যদি বেঁচে থাকি চাঁপা রানীর মেয়েরা যাতে তাদের মায়ের হত্যার বিচার দেখতে পায়, সেই ব্যবস্থা করব’—এমন কথা বলেছেন বিক্ষুব্ধ জনতার সমাবেশে স্থানীয় সাংসদ আবদুর রহমান। তা সত্ত্বেও মানুষের মন থেকে সন্দেহ যাচ্ছে না, বিচার কি সত্যিই হবে? কেন আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, এমনকি জনপ্রতিনিধি, সাংসদ বা আরও উচ্চপর্যায়ের প্রতি?মধুখালীর মানবাধিকার কমিশনের সভাপতি সুলতান আহমেদ বললেন, ‘অতীতেও আমরা দেখেছি, পরিস্থিতি প্রথমদিকে এ রকম থাকে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। এখন পরিস্থিতি উত্তপ্ত। লোকজন বিক্ষুব্ধ। গণমাধ্যমগুলো ভালোভাবে প্রচার করছে। কিন্তু মামলা যখন কোর্টে যাবে, তখন পরিস্থিতি ঠান্ডা হয়ে আসবে। প্রচারও থাকবে না। সুযোগমতো ওরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং বেরিয়ে এলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।’স্থানীয় মহিলা পরিষদের নেত্রী সুরাইয়া সালাম, মোমেনা মাহফুজ, শামসুন নাহার, স্বপ্না আমিনরাও এ ধরনের আশঙ্কার কথা বললেন। তবে ঘাতক ও তার সহযোগীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সে জন্য আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি অব্যাহত রাখা হবে বলেও জানালেন।এ ব্যাপারে স্থানীয় আইনজীবী ইভ টিজিং প্রতিরোধ কমিটির সদস্য মানিক মজুমদারের আশঙ্কা, চূড়ান্ত প্রতিবেদনের সময় হয়তো দেখা যাবে, প্রত্যক্ষদর্শী ভালো কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না। তার বদলে এমন সাক্ষী হাজির করা হবে, যাদের সাক্ষ্যে ৩০২ ধারার মামলা চলে যেতে পারে ৩০৪ (খ) ধারায়, সড়কদুর্ঘটনা হিসেবে। এটা কেবল চাঁপা রানীর ক্ষেত্রেই নয়, নাটোরের মিজানুর রহমানের ক্ষেত্রেও এটা ঘটার আশঙ্কা রয়েছে বলে তিনি জানালেন।প্রতিরোধ কমিটির সাংগঠনিক শক্তি নেইইভটিজিং প্রতিরোধ কমিটিও গঠন করা হয়েছিল মধুখালীতে। চিনিকলের সিবিএর সাবেক নেতা সমরেন্দ্র নাথ বসুকে সভাপতি এবং এ টি এম মাসুদকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটি বেশ কিছু সভাও করেছে। কিন্তু বখাটেদের তৎপরতা কমেনি। কমিটির নেতারা জানালেন, মাঝেমধ্যে সভা-সমাবেশ করা হয় কিন্তু এসব কমিটির আসলে কোনো সাংগঠনিক শক্তি নেই। ফলে নিয়মিত কোনো কার্যক্রমও চালানো যায় না। উপরন্তু কমিটিতে যাঁরা আছেন, তাঁরা নেহায়তই সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা। তাঁদের সামাজিক প্রভাবও কম। সে কারণে ইভ টিজিং প্রতিরোধ কমিটির দাবি-দাওয়ার প্রতি কর্তাব্যক্তিরা তেমন গুরুত্ব দেন না। যদি দিতেন, তাহলে চাঁপা রানীর অকালমৃত্যু ঘটত না।প্রতিকারহীন, শক্তের অপরাধে...ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় প্রাণ দিলেন এক মা, নিহত হলেন এক শিক্ষক। এমন প্রতিটি হত্যাকাণ্ডের পরই শুনতে পাই স্বজন হারানো পরিবারের শোকাহত সদস্যরা বলছেন, ‘এই মৃত্যুর পর আর যেন কারও এমন মৃত্যুর শিকার হতে না হয়। এই মৃত্যুতেই যেন এ ধরনের ঘটনার শেষ হয়।’ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তা হয় না বাস্তবে। ঘাতকেরা রয়েছে দিব্বি। ছাড়া পাচ্ছে আইনের ফাঁক দিয়ে। হুমকি-ধমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার। শাসাচ্ছে অন্যদের প্রাণ কেড়ে নেওয়ার। কেড়ে নিচ্ছেও। মিজানুর রহমান গেলেন, চাঁপা রানী গেলেন, একের পর এক নৃশংস ঘটনার শিকার হয়ে বড় অসময়ে চলে যাচ্ছেন আমাদের প্রিয়জনেরা। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। কিন্তু কোনো রোগব্যাধি নেই, বিছানায় পড়ে থাকা নেই, তরতাজা প্রাণবন্ত যে মানুষটি হাসিমুখে বেরিয়ে গেলেন ঘর থেকে, ফিরে এল তার ঠান্ডা নিথর রক্তভেজা লাশ। যার যায়, কেবল সেই জানে, কত দুর্বহ এই মৃত্যুর বেদনা। অথচ এই বেদনাই ভারাক্রান্ত করে তুলেছে আজ আমাদের সমাজকে।