নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর আইভী সাংবাদিকদের বলেন, তিনি উন্নয়নের জন্য কাজ করবেন। কোনো প্রতিকূলতাকে তিনি ভয় পান না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার তাঁর কার্যালয়ে মেয়র আইভীকে শপথবাক্য পাঠ করান। সরাসরি নির্বাচিত ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নয়জন নারী কাউন্সিলরকে শপথ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আইভীকে সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা এবং বিরোধীদলীয় নেতা নারী। সুতরাং নারায়ণগঞ্জের প্রতি আমাদের একটা বিশেষ দৃষ্টি থাকবে।’শপথ শেষে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজ করব।’ নিজের অনুভূক্তি ব্যক্ত করে আইভী বলেন, ‘আজ একটা সম্মানজনক দিন। শপথের মাধ্যমে জনতার বিজয় পূর্ণতা পেল। প্রধানমন্ত্রী শপথবাক্য পাঠ করানোয় তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা। মেয়র হিসেবে আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই।’আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত। এলাকার জনগণের রায়ের প্রতি আমি সম্মান দেখাব। মানুষ যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছে, তাদের সে আশা পূরণ করব। সমমনা সব মানুষ আমার সঙ্গে আছে। কোনো প্রতিকূলতাকে আমি ভয় পাই না।’শপথ অনুষ্ঠানে আইভী দুই ছেলেকে সঙ্গে নিয়ে আসেন। শপথ শেষে ছেলেদের নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে চা পান করেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন।শপথ নিয়ে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গাড়িতে করে প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন। সেখান থেকে সরাসরি তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে এসে বঙ্গবন্ধুর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নারায়ণগঞ্জে ফিরে তিনি তাঁর বাবা আলী আহাম্মেদ চুনকার কবর জিয়ারত করেন।