প্রতিক্রিয়া
সম্পত্তি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে বিভিন্ন মামলা-মোকদ্দমায় জর্জরিত হয়ে সাত-আট বছর ধরে বাড়ির বাইরে অবস্থান করছেন, এ রকম একজন ব্যক্তি এম দেলোয়ার অবশেষে আইন অধিকার পাতার আইনজীবীর চেম্বারের শরণাপন্ন হয়েছেন গত সংখ্যায়। তিনি হয়তো অদ্যাবধি জানেন না, গত সংখ্যায় আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক তাঁর সমস্যা সমাধানে তেমন মনোযোগ দিতে পারেননি। প্রশ্নকর্তা যে জটিল সমস্যার কথা উল্লেখ করেছেন, তার অধিকাংশের এক সুন্দর পরামর্শ আইনজীবী দিয়েছেন, এতে সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয়, পরামর্শের শেষ দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী যথাযথ মনোনিবেশ করতে পারেননি। প্রশ্নকর্তা উল্লেখ করেছেন, তাঁর দাদা মৃত্যুর আগে ৪০ শতক ভূমি দিয়ে এক বিধবাকে বিয়ে করেন, যাঁর ঘরে কোনো সন্তান হয়নি। আইনজীবী পরামর্শে যথাযথভাবে বলেছেন, প্রশ্নকর্তার সৎ দাদি তাঁর মৃত দাদার সম্পত্তিতে স্ত্রী হিসাবে ১/৮ অংশ পাবেন। তবে ওই ৪০ শতক এ হিসাবের বাইরে থাকবে। পরামর্শের শেষদিকে বলা হয়েছে, ‘তবে আপনার সৎ দাদি মারা যাওয়ার পর তাঁর নিজস্ব ৪০ শতক ভূমি ও দাদার কাছ থেকে ওয়ারিশসূত্রে প্রাপ্ত ১/৮ অংশ সম্পত্তি আপনার বাবা, চাচা ও ফুফুরা পাবেন। আমার আপত্তি এখানেই। বিধবার কোনো সন্তান নেই। প্রশ্নকর্তার বাবা, চাচা ও ফুফুরা তাঁর সৎ ছেলেমেয়ে। প্রশ্নকর্তার নাম দেখে এটা স্পষ্ট যে তিনি মুসলিম। আর মুসলিম উত্তরাধিকার আইনে ছেলেমেয়ে বলতে সতিনের ছেলেমেয়েকে অন্তর্ভুক্ত করে না। মুসলিম আইনে যে তিন ধরনের ওয়ারিশ রয়েছে, তার কোনো পর্যায়ের মধ্যেই সৎ ছেলেমেয়ে পড়ে না। বিধবা মহিলার নিজের সন্তান (পূর্বের স্বামীর ঔরসে) মা-বাবা, ভাইবোন, দাদা, চাচা অথবা তাঁদের সন্তানেরা ওই সম্পত্তির অধিকারী। কোনোভাবেই প্রশ্নকর্তার বাবা, চাচা ও ফুফুরা তাঁর সম্পত্তি পাবেন না। আইনজীবী পরামর্শ দানকালে মনোযোগের অভাবে মুসলিম উত্তরাধিকার ও হিন্দু উত্তরাধিকার আইন এক করে বলেছেন বলে মনে হয়। হিন্দু আইনে বিধবারা জীবনস্বত্বে সম্পত্তি পান। তিনি মারা গেলে ওই সম্পত্তি তাঁর স্বামীর ওয়ারিশদের মধ্যে বণ্টিত হয়। সিকান্দার জুলকার নাইনসহকারী জজ, মানিকগঞ্জ।