সংবর্ধনা অনুষ্ঠানে দারুণ মেতে উঠছিল মেয়েটি। চট্টগ্রাম ফয়’স লেকের কথা বলছি। আমি ছিলাম মঞ্চে। অনুষ্ঠান উপস্থাপনায়। ওই মেয়েটি ছিল সামনের সারিতে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল। প্রশ্ন ছুড়ে দিল—‘অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। খুব মজা হচ্ছে। কিন্তু আমাদের বঞ্চিত করলেন কেন?’বঞ্চিত করলাম! তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আমি তার কাছে জানতে চাই। ‘না বোঝার কি আছে? গত বছর আমরা যারা জিপিএ-৫ পেয়েছি, তাদের সংবর্ধনা দিলেন না কেন?’ব্যাপারটা পরিষ্কার হলো। মেয়েটি গত বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কিন্তু সেবার প্রথম আলো সংবর্ধনা দেয়নি। তাই মেয়েটি এ বছর সেই আনন্দ উৎসব থেকে নিজেকে বঞ্চিত করতে চায়নি। তাই নতুন জিপিএ-৫ পাওয়াদের ভিড়ে মিশে গেছে। সংবর্ধনা যে কৃতীদের কাছে কতটা গুরুত্ব বহন করে, এটা তারই প্রমাণ দেয়। এবার ঢাকা, চট্টগ্রামসহ আরও দুটি এলাকার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কৃতীদের যে উচ্ছ্বাস তা কেবল বাঁধভাঙা জোয়ারের সঙ্গেই তুলনা করা যায়। উচ্ছ্বাস শুধু কৃতীদেরই নয়, তাদের অভিভাবকদের মধ্যেও দেখা যায়। সারা দেশে মোট ৬৮টি এলাকায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সারা দেশের প্রায় সবার কাছে আমরা অভিনন্দনপত্র পৌঁছে দিতে পেরেছি। অনুষ্ঠানে যারা উপস্থিত হতে পারেনি, তারা এখন নানাভাবে সংবর্ধনার ক্রেস্ট, সনদ আমাদের কাছ থেকে সংগ্রহ করছে।অনুষ্ঠানের আগে পত্রিকায় সংবর্ধনার বিজ্ঞাপন ছাপার পর থেকেই সারা দেশে সাড়া পড়ে যায়। অফিসে অসংখ্য ফোন আসতে থাকে কোন এলাকায়, কবে, কখন অনুষ্ঠান হচ্ছে জানতে চেয়ে। সারা দেশে আঞ্চলিক অফিসগুলোতে শিক্ষার্থীরা এসে ভিড় করতে থাকে, নাম নিবন্ধন করে।অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে বড় অনুষ্ঠান এটি। এই বড় অনুষ্ঠান আরও বড় হয়ে ওঠে সারা দেশের হাজার হাজার কৃতীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। টাঙ্গাইলে কৃতী শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় ভরে গেল অনুষ্ঠানের নির্ধারিত সময়ের আগেই। অভিভাবকদের ভেতরে বসার জায়গা নেই। তাঁদের স্থান হয়েছে বাইরে। সেখানে তাঁদের জন্য প্যান্ডেল করা হয়েছে। মাথাফাটা রোদ। দমফাটা গরম। সেখানেই অপেক্ষা করছেন অভিভাবকেরা। সারা দেশেই প্রায় এমন অবস্থা ছিল। বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের ব্যস্ততা গিয়েছিল বেড়ে। সুনির্দিষ্ট কাজের ফাঁকে এমন এলাহি কর্মযজ্ঞকেও সামাল দিতে হয়েছে। আশিক রহমান নামের এক শিক্ষার্থী বলল, ‘এই দিনটির জন্য আমি কয়েক বছর ধরে অপেক্ষা করছি। আমার বড় আপু যখন এই সংবর্ধনা পেয়েছিল, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমাকেও সংবর্ধনা পেতে হবে। আজ সেই স্বপ্ন সার্থক হয়েছে।’আশিকের মতো হাজার হাজার কিশোর-কিশোরীর স্বপ্নও তাই। প্রতিজ্ঞাও তাই। পরীক্ষায় ভালো ফলাফল করে প্রথম আলোর সংবর্ধনা পেতেই হবে।