প্রতিটি ইউনিয়নে আদালত-সহকারী নিয়োগের বিষয়টি বিবেচনাধীন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গ্রাম আদালত চালুর জন্য জনপ্রতিনিধিদের সহায়তা করতে প্রতিটি ইউনিয়নে একজন করে আদালত-সহকারী নিয়োগের বিষয়টি বিবেচনা করছে। দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত ব্যবস্থা চালুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ আদালত উন্নয়নশীল দেশগুলোর জন্য আদর্শ মডেলে পরিণত হবে। প্রাথমিকভাবে গ্রাম আদালতে বিচার কার্যক্রম পরিচালনায় কিছু ভুলত্রুটি হতে পারে। তবে ধীরে ধীরে এ প্রক্রিয়া মানসম্মত পর্যায়ে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী গ্রাম আদালত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।জানা গেছে, বাংলাদেশে গ্রাম আদালত চালু-বিষয়ক প্রকল্পের অধীনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে গ্রাম আদালত আইনের সাফল্য পর্যালোচনা এবং এর ভুলত্রুটি চিহ্নিত করতে ৩৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবেরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খুব শিগগিরই রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল আলম মো. শহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকারমন্ত্রী প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি চার্জ দ্য অ্যাফেয়ার্স মিলকো ভ্যান গুল। এ ছাড়া বাংলাদেশে গ্রাম আদালত চালু শীর্ষক প্রকল্পের পরিচালক কে এম মোজাম্মেল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।