প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাজসেবা দিবস ও সামাজিক নিরাপত্তাবলয় কার্যক্রমের উদ্বোধনের সময় এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, কার্যক্রম বিকেন্দ্রীকরণের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সামাজিক কার্যক্রমের অধীনে প্রদত্ত ভাতাগুলো সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব ভাতা দেওয়া হবে। এর ফলে মধ্যস্বত্বভোগীরা কোনো সুযোগ বা ভাতা গ্রহণকারীদের ঠকাতে পারবে না।অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব কামরুন্নেছা খানম।শেখ হাসিনা শিক্ষানীতি গ্রহণের কথা উল্লেখ করে বলেন, মাধ্যমিক শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীকে বিনা মূল্যে বই দেওয়া হয়েছে। তিনি বিনা মূল্যে ডিগ্রি পর্যন্ত শিক্ষা চালু করার ব্যাপারে তাঁর সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি এবং বিধবা, স্বামী পরিত্যক্ত ও দুস্থ মহিলা ভাতাসহ বিভিন্ন ভাতার সুবিধাভোগীদের মধ্যে ভাতার চেক তুলে দেন। তিনি সামাজিক নিরাপত্তাবলয় গড়ে তোলার ব্যাপারে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন। এ প্রসঙ্গে শিশুদের পঙ্গু এবং মেয়েদের অসামাজিক কাজে ব্যবহার করার মতো সংবাদপত্রে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা সব মানুষের জীবন-জীবিকার পথ তৈরির কার্যক্রম হাতে নিয়েছি। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তি বন্ধ করা হবে।’প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৩ সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সুদমুক্ত পল্লি সমাজসেবা কার্যক্রম শুরু করেছিলেন। দেশের তৎকালীন ১৯টি জেলার ১৯টি থানায় এ কার্যক্রম শুরু করা হয়। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিগত মেয়াদে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিল। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম চালু করা হয়। এবার দায়িত্ব নেওয়ার পর সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রী সমাজসেবা কার্যক্রমে অবদান রাখায় পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতার অভিশাপমুক্ত আত্মমর্যাদাশীল মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে। বাসস।