রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠান নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সময়সূচিতে আবারও পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে কমিশন। ইসির জরুরি বৈঠকে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ সিদ্ধান্ত হয়।কমিশন সচিবালয় সূত্র জানায়, ইসির আগের সিদ্ধান্ত অনুসারে জামায়াতের সঙ্গে আগামী ২ ডিসেম্বরের সংলাপে কয়েকটি দল অংশ নিতে আপত্তি জানানো এবং বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই সিদ্ধান্ত পাল্টানো হয়েছে।কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক আজ সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আলোচনা আরও নিবিড় ও ফলপ্রসূ করার জন্য প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে সংলাপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে কমিশন নীতিগতভাবে এক দিনে ৩৮টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিল। পরে চার দিনে দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য দলগুলোকে চিঠিও দেয় কমিশন। সূচি অনুসারে ২৬ নভেম্বর প্রথম দিনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, কৃষক-শ্রমিক জনতা লীগ, খেলাফত মজলিস, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল।চিঠি পাওয়ার পর গত মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংলাপে যাবে না বলে গণমাধ্যমকে জানায়। এর দুদিন পর কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংলাপের সময়সীমা হবে এক ঘণ্টা। এক দিনে পৃথকভাবে সর্বোচ্চ পাঁচটি দলের সঙ্গে সংলাপ হবে এবং দলগুলো যাতে সমমনা হয় সে বিষয়ে লক্ষ রেখে সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদের আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ সম্পর্কে দলগুলোর মতামত গ্রহণের জন্য আগের সিদ্ধান্ত অনুসারে ২৬ নভেম্বর থেকেই এ সংলাপ অনুষ্ঠিত হবে।