এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অচেনা মানুষ। পরিচালনা করেছেন রিপন নবী। দেশ টিভিতে থাকছে লোকটি যখন মারা যাবে। নাটকটি লিখেছেন আশমন, পরিচালনা করেছেন আলীম আজিজ। দুটি নাটকেই অভিনয় করছেন অপর্ণা। কথা হলো তাঁর সঙ্গে।নাটকের সঙ্গে আপনার যোগাযোগটা কীভাবে হলো?আমার বাবা অলোক ঘোষ চট্টগ্রামে নান্দিকার নাট্যদলের সঙ্গে জড়িত। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ার সময়ই বাবার হাত ধরে আমি মঞ্চনাটকে অভিনয় শুরু করি। মঞ্চে এ পর্যন্ত কোর্ট মার্শাল, গোড়ায় গলদ ও জ্ঞানবৃক্ষের ফল নাটকে কাজ করেছি। এখন আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে স্নাতক করছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর টিভি নাটকে কাজ করার সুযোগ পাই।আপনি তো ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।এই প্রতিযোগিতায় আমি সেরা পাঁচের মধ্যে ছিলাম। টিভি নাটকে সুযোগ আসে এই প্রতিযোগিতার পরই। প্রথমেই কাজ করেছি চ্যানেল আইয়ের তবুও ভালোবাসি টেলিছবিতে। এরপর কাজ করেছি হাউসফুল ধারাবাহিকে। এখন আমার অভিনীত অচেনা মানুষ ও ফিফটি ফিফটি ধারাবাহিক দেখানো হচ্ছে। ‘অচেনা মানুষ’ নাটকে কাজ করতে কেমন লাগছে?গল্পটা একেবারেই অন্য রকম। অন্য নাটকগুলোতে যেভাবে সংলাপ বলি, এখানে কিন্তু তেমনটি নয়। প্রতিটি দৃশ্য শেষ হওয়ার পরই পরিচালক বলেন ‘হোল্ড’। আর তখনই আমার চোখ দিয়ে পানি চলে আসে। এ কারণে প্রতিটি শটই একাধিকবার দিতে হয়। ‘ফিফটি ফিফটি’ নাটকের কী খবর?ওখানে যে আমি অভিনয় করতে যাই, এটা কিন্তু একবারও মনে হয় না। সারাক্ষণ অনেক মজা হয়। এর মধ্য দিয়েই পরিচালক ফাহিম শুটগুলো নিয়ে নেন।‘লোকটি যখন মারা যাবে’ নিয়ে কিছু বলুন।আমি অভিনয় করছি মাত্র তো কয়েক বছর হলো। এরই মধ্যে এই নাটকে রাইসুল ইসলাম আসাদের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। নাটকে তিনি আমার স্বামী। গল্পটা কিন্তু চমত্কার।ঈদের জন্য কী কাজ করলেন?শাহনেওয়াজ কাকলীর রঙিন শাড়ি টেলিছবির কাজ করেছি নড়াইলের এক প্রত্যন্ত গ্রামে। আমি আগে কখনো গ্রাম দেখিনি। কিন্তু এখানে কাজ করতে গিয়ে গরু ধরা, পাট শুকানো, ধান ছড়ানো—গ্রামের মেয়েরা যা যা করে, সবই করেছি। আমি কিন্তু কিছুই জানতাম না। পরিচালক সব ধরে ধরে শিখিয়েছেন। বিনোদন প্রতিবেদক