প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের পরিবেশ-পরিস্থিতি ও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে স্কুলের সময় নির্ধারণের জন্য প্রাথমিক শিক্ষকদের পরামর্শ দিয়েছেন। এ ছাড়া তিনি শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের চরিত্র ও সুন্দর মানসিকতা গঠনে শিক্ষকেরা ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র এলাকায় স্কুল থেকে ঝরে পড়া বন্ধে শিক্ষার্থীদের খাদ্য সরবরাহের (স্কুল ফিডিং) উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ১৪৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। তিনি স্কুলশিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহকাজে সরকারের পাশাপাশি স্কুলের পরিচালনা কমিটি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা শুরু হয়।’ তিনি কোমলমতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা ঘোষণা দেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার ও ল্যাপটপ দেওয়া হবে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবদুল আওয়াল তালুকদারসহ শিক্ষক সমিতির নেতারা শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, শিক্ষক সমিতির উপদেষ্টা সাংসদ জোবেদা খাতুন প্রমুখ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্যও কল্যাণ ট্রাস্ট থাকা উচিত। তিনি আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুলের চারপাশে গাছ লাগানোর পরামর্শ দেন।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশের গুরুদায়িত্ব পালনের ব্যস্ত সময়েও প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে ১ জুলাই প্রাথমিক শিক্ষা জাতীয়করণ দিবস পালনের দাবি তোলা হলে শেখ হাসিনা তাতে সম্মতি জানান।শেখ হাসিনা ১৯৯৬ সালে দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে সেদিনের সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তুলে ধরে বলেন, ‘পাঁচ বছরে শিক্ষিত জনগোষ্ঠীর হার ৪৪ থেকে ৬৫ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা খাতে অবহেলার কারণে তা হ্রাস পায়।’ বর্তমান সরকার আবারও শিক্ষার হার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী নতুন শিক্ষানীতির বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে এতে বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করার কথা বলা হয়েছে।আফগান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আহমেদ করিম নওয়াবি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তাঁকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।বিপুল ভট্টাচার্যের জন্য দুই লাখ টাকার অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টচার্যের চিকিৎসার জন্য দুই লাখ টাকার অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা মনোজ কান্তি বড়াল বিপুল ভট্টাচার্যের স্ত্রী কুমকুম ভট্টাচার্যের কাছে গতকাল এই চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিপুল ভট্টাচার্যের চিকিৎসা চলছে।মুসলিম এইড চেয়ারম্যানের সাক্ষাৎ মুসলিম এইডের চেয়ারম্যান স্যার ইকবাল সেকরানি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেকরানি প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘শেখ হাসিনা বিশ্ব নারী নেতৃত্বের রোল মডেল।’ সেকরানি মুসলিম এইডের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।