প্রতিটি মন্ত্রণালয়ে পরিবেশ ‘মনিটরিং সেল’ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের ক্ষতি সম্পর্কে প্রতিটি মন্ত্রণালয় যাতে সহজেই অবগত হতে পারে এবং পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, সে জন্য আগামী বাজেটে প্রতিটি মন্ত্রণালয়ে পরিবেশবিষয়ক ‘মনিটরিং সেল’ রাখার বিষয় লিপিবদ্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পরিবেশবান্ধব বাজেট চাই, বরাদ্দ অর্থের স্বচ্ছ ব্যবহার চাই।’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বাপার সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, পরিবেশ যেহেতু একটি বহুপাক্ষিক বিষয়, তাই প্রতিটি মন্ত্রণালয়ে পরিবেশবিষয়ক ‘মনিটরিং সেল’ গঠন লাভ করা উচিত।মোজাফফর আহমদ বলেন, ‘বিদ্যুত্ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে একটি পরিবেশবান্ধব জ্বালানিনীতি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এবারের বাজেটে বিকল্প জ্বালানি শক্তি বিশেষ করে সৌরশক্তি, বায়ুশক্তি এবং আমাদের নানাবিধ বর্জ্য থেকে শক্তি উত্পাদনে ব্যাপক কার্যক্রম গ্রহণের জন্য আর্থিক বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি সারাদেশ থেকে বায়ুদূষণকারী যানবাহন তুলে নিতে হবে। এতে বায়ুদূষণ থেকে আমরা রক্ষা পাব।’মোজাফফর আহমদ বলেন, শিল্পের নামে সারা দেশে বন উজাড় করা হচ্ছে, পরিবেশ রক্ষা করতে বন ধ্বংসকারী কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ হবে সবুজ ও নীল বাংলাদেশ। এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই গাছ ও পানিসমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করার প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।