প্রতিদিন ইঞ্জিন
২ মার্চ ভোর ছয়টা থেকে কমলাপুর রেলস্টেশনে রেল ইঞ্জিনের সহকারী চালক সালমা খাতুনের কর্মব্যস্ত দিনে সঙ্গে ছিলেন কামরুজ্জামান ও আলোকচিত্রী সৈকত ভদ্র‘যে ইঞ্জিন ট্রেন নিয়ে আসে এবং সেই ইঞ্জিনটির সামনের দিকটা যদি আবার কখনো ঘুরিয়ে নিতে হয়, তবে সেটি ঘুরিয়ে দিতে হয়। তারপর ইঞ্জিনটি ট্রেন নিয়ে ছেড়ে যায় কমলাপুর। ইঞ্জিনে চালকের সঙ্গে আমাকে সহকারী চালকের দায়িত্ব পালন করতে হয়।’ নিজের কাজ সম্পর্কে বললেন সালমা খাতুন। ২ মার্চ সকাল ছয়টায় কমলাপুর রেলস্টেশনের লোকোশেডে গিয়ে প্রথম দেখা হলো সালমার সঙ্গে। সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মোট আট ঘণ্টা কাজ তাঁর। তিনি রেল ইঞ্জিনের সহকারী চালক। পদের পোশাকি নাম এএলএম (লোকোমোটিভ মাস্টার)। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসেই চাকরি হয়েছিল সালমার। ২০০৪ সালের ৮ মার্চ তিনি চাকরিতে যোগ দেন। আজ তিনি তাঁর চাকরিজীবনের সাত বছর পূর্ণ করলেন। জানালেন তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। বড় হয়েছেন সেখানেই। তিন ভাই, দুই বোন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করার পর আরও পড়াশোনার স্বপ্ন ছিল দুই চোখে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা দিতে তিনি রাজশাহী গেলেন। যমুনা সেতু চালু হওয়ার আগে টাঙ্গাইলে কোনো ট্রেন চলত না। তাই তখনো ট্রেনে চড়া হয়নি, শোনা হয়নি ঝিকঝিক শব্দও। ভর্তিপরীক্ষা দেওয়ার সুবাদেই ট্রেনে চড়া হলো। ভাবনায় ছিল না যে একদিন এই ট্রেনেরই চালক হবেন তিনি।ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তার কিছুদিন পরেই সালমার বাবা মারা গেলেন। বড় তিন ভাই সালমাকে বললেন চাকরির সন্ধান করতে। রেলওয়েতে এএলএম (লোকোমোটিভ মাস্টার) অর্থাত্ সহকারী ট্রেনচালক পদে পরীক্ষা দিলেন। পাস করলেন। এরপর প্রশিক্ষণ। কখনো চট্টগ্রাম, কখনো দেওয়ানগঞ্জবাজার, আবার আখাউড়া জংশন রেলস্টেশনে তিনি প্রশিক্ষণ নিলেন। ভালোভাবেই প্রশিক্ষণ শেষ করলেন। সালমা এখন যেখানে কাজ করেন, সেখানে তিনি একাই নারী। পুরুষ সহকর্মীদের সঙ্গে এমন একটি চ্যালেঞ্জিং পেশায় কাজ করতে কোনো সমস্যা হয় না?সালমা হাসেন। ‘সাত বছর তো হলো। এখন আমি সবকিছুতেই অভ্যস্ত। সকালে আসি। তারপর এখানকার ইনচার্জ যে কাজ দেন, সেটা করে অফিসের সময়সূচি শেষ করে বাসায় চলে যাই। খুব বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি এখনো।’ সালমা খোঁজ করলেন, তাঁকে কোনো ইঞ্জিন নিয়ে যেতে হবে কি না। শেডের একজন বললেন, ‘একটু পরে একটি ইঞ্জিন আসবে, সেই ইঞ্জিনটি ঘুরিয়ে দিতে হবে।’ ইঞ্জিনের জন্য অপেক্ষা শুরু হয়। একে একে হুইসেল বাজিয়ে ইঞ্জিন আসে। পুরুষ এএলএমেরা তাঁদের পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ইঞ্জিন নিয়ে লোকোশেড থেকে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে ২৬০০ সিরিয়ালের একটি ইঞ্জিন আসে। শেডের মধ্যে ইঞ্জিনটির পরীক্ষা-নিরীক্ষার কাজ চলে। সালমা একটু বসতে বলে বেরিয়ে গেলেন। মিনিট পাঁচেক পরেই দেখা গেল, ট্রেনচালকের পোশাক পরে তিনি প্রস্তুত হয়ে এলেন। অভিজ্ঞ চালকের মতোই তিনি ইঞ্জিনে উঠে বসলেন। সালমা বসলেন বাঁ পাশে। চালক ডান পাশে। ইঞ্জিনের জানালা দিয়ে মাথা বের করে উঁকি দিলেন। চালককে বললেন, ‘সিগন্যাল দিয়েছে। এবার যান।’ হুইসেল বাজালেন সালমা। চালক ইঞ্জিন চালালেন। সালমা আবারও পরীক্ষা করে নিলেন, ‘লাইন ক্লিয়ার।’ ইঞ্জিন ছুটতে শুরু করল। পাশ দিয়ে আরেকটি ইঞ্জিন ট্রেন নিয়ে যাচ্ছে। ওই ইঞ্জিনের চালক হাত নেড়ে সালমার সঙ্গে কুশল বিনিময় করলেন। সালমাও হাত নেড়ে জবাব দিলেন। আলোকচিত্রী এ সময় সালমার ছবি তুলছিলেন। ছবি তোলার এই দৃশ্য দেখে লাইনে কর্মরত কর্মীরা বেশ খুশি। একজন বললেন, ‘সালমা আপার ছবি বেশি করে তুলেন। আপা যে আমাদের এখানে এখনো কাজ করছেন, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের।’নির্দিষ্ট একটি পয়েন্টে এসে ইঞ্জিন থামল। লাইন ঘুরিয়ে দেওয়া হলো। ইঞ্জিন আবার চলতে শুরু করল। সালমার চোখে বেশ আত্মবিশ্বাস। মুখে পরিতৃপ্তির হাসি। ইঞ্জিন ঘুরে গেল। শেডের পাশে এসে ইঞ্জিন থেকে নেমে গেলেন তিনি। সমান্তরাল রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শোনালেন এক গল্প।কয়েক মাস আগের কথা। ঢাকা-জয়দেবপুর লাইনে একটি লোকাল ট্রেন চলে। ‘আমি সেই ট্রেনের ইঞ্জিনে ছিলাম সহকারী ট্রেনচালক হিসেবে। মনটা খারাপ হয়ে গিয়েছিল। কারণ ট্রেনটি জয়দেবপুরের দিকে রওনা হতেই তিনবার ইঞ্জিন ফেল করল। একটু বিব্রতই হয়েছিলাম সেদিন। কিন্তু প্রত্যেকবারই আমার চালক বেশ দক্ষতার সঙ্গেই ইঞ্জিনটাকে চালু করলেন। আমি তাঁর সঙ্গে থেকে দেখেছি কীভাবে এই পরিস্থিতি সামাল দিতে হয়। ট্রেন নিয়ে যখন আমরা আবার ফিরে এলাম, তখন বেশ ভালোই লাগছিল।’লোকোশেডের ভেতরে এলেন সালমা। নিজের টেবিলে বসে দু-একটি কাগজপত্রে কিছু লিখলেন। জানতে চাইলাম, ইঞ্জিনের চালাতে শিখলেন—এর আগে কোনো যানবাহন কিছু চালিয়েছেন কি না?সালমা জানালেন, ‘কোনো বাহনই চালাইনি আগে। মাঝেমধ্যে নিজেও ভাবি, সত্যিই কি আমি ইঞ্জিন চালাতে পারি? আমার বাড়ির অনেকেই এমনটা ভাবে। একবার আমি আমার মা-বোনকে ইঞ্জিনে তুলে দেখালাম। ওরা যে কী খুশি হলেন! বাবা এই দৃশ্য দেখলে তিনিও নিশ্চয়ই খুব খুশি হতেন।’সহকারী ট্রেনচালক থেকে সহকারী নামটা বাদ যাবে কবে? সালমা নিরুত্তর থাকেন। কিছু একটা ভাবলেন। বললেন, ‘আসলে এ জন্য সময় লাগবে। হয়তো আরও কয়েক বছর পরে প্রমোশন হবে, তারপর ট্রেন চালক হতে পারব। ’সালমার ইচ্ছা ছিল উচ্চশিক্ষা নেওয়ার। তাই চাকরিতে যোগ দেওয়ার পরেও লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। বিএ পাসকোর্স করেছেন। এখন তাঁর ইচ্ছা আইন বিষয়ে পড়াশোনা করার। তারপর কি চাকরি ছেড়ে দেবেন?‘মোটেও না। একটা সনদ নিয়ে রাখব। কিন্তু রেলওয়েতেই চাকরিটা করব। কারণ এই কয়েক বছরে এই পেশাকে বড় বেশি ভালোবেসে ফেলেছি। এর সঙ্গে আমার অনেক স্মৃতি।’ বলছিলেন সালমা।অফিসের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সালমা বাসায় যাবেন। সালমা বললেন, ‘চলেন।’ রেলইলাইন ধরে শাহজাহানপুরে রেলওয়ে কলোনির দিকে হাঁটতে শুরু করলেন। জানালেন, মাত্র কয়েক মিনিট হাঁটলেই তাঁর বাসা। কলোনির আশপাশের দোকানদারেরা সালমাকে খুব ভালো করেই চেনেন। অনেক দোকানদারই তাঁর কুশল জানতে চাইলেন। বাসায় যাওয়ার আগে, নিজের প্রয়োজনীয় কেনাকাটা করে নিলেন। ঘরের ভেতরে ঢুকতেই একটু বিস্মিত হতে হলো। রেলওয়ে কোয়ার্টার নামেই। জীর্ণদশা ওই ভবনের। অনেক জায়গা থেকেই খসে পড়ছে পলেস্তারা। নিচতলার ছোট একটি কামরায় থাকনে তিনি। বললেন, ‘ডিআরএম স্যার বলেছেন, আমাকে ভালো একটি বাসা দেবেন। সামনে নতুন বাসায় উঠব। প্রথম প্রথম এখানে একটু খারাপ লাগত। কিন্তু এখন সয়ে গেছে।’সালমা দুপুরের রান্না চাপালেন। ছোট বোনটা কলেজে গেছে। আসার পর একসঙ্গে খাওয়াদাওয়া করবেন। এরপর সময় কীভাবে কাটে?‘দুপুরের খাওয়াদাওয়া করে বই পড়ি। বিভিন্ন ধরনের বই পড়ি। পড়তে পড়তেই ঘুমিয়ে যাই। তারপর সন্ধ্যার একটু আগে জেগে উঠি।’ ঘরের কাজকর্ম শেষ করে টিভির সামনে বসে পড়েন। তবে বেশি রাত পর্যন্ত টিভি দেখার সুযোগ নেই। কারণ পরের দিন ভোর পাঁচটায় উঠতে হয় সালমাকে। নামাজ পড়ে সকালের নাশতা তৈরি করে অফিসের উদ্দেশে ছোটেন। ইঞ্জিনের হুইসেল তাঁকে টানে, আর সেই ভালোবাসায় জড়িয়ে থাকেন দুপুর পর্যন্ত। ব্যক্তিজীবনের কথা জানতে চাই সালমার কাছে। হাসলেন। ‘না, বিয়ে করিনি। নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। তারপর বিয়ে করব। তবে বিয়ের পরও চাকরিটা করে যেতে চাই।’