প্রতিদিন গ্যাসের ঘাটতি ৫০ কোটি ঘনফুট: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, দেশে দৈনিক গ্যাস ঘাটতির পরিমাণ প্রায় ৫০ কোটি ঘনফুট। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ২৫০ কোটি ঘনফুট। আর উৎপন্ন হচ্ছে ২০০ কোটি ঘনফুট। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাংসদ গিয়াসউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ২০১৪ সালের মধ্যে ছয় হাজার ৮২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্যাস, কয়লা, ডিজেল, ফার্নেস অয়েল, ফুয়েল ও নবায়ণযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করা হচ্ছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এ বিদ্যুৎ উৎপাদন করা হবে।মন্ত্রী জানান, বর্তমানে গড়ে প্রতিদিন তিন হাজার ৮০০ থেকে চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তিনি জানান, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি খাতে ৪৪টি বিদ্যুেকন্দ্র রয়েছে। জাহিদ মালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা শহরের লোডশেডিং কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।