প্রতিদিন ঘাটতি ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক জানান, বর্তমানে সারা দেশে চাহিদার তুলনায় প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের ঘাটতি রয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নেটওয়ার্কভুক্ত গ্রাহকদের প্রয়োজনীয় গ্যাস সরবরাহ বজায় রাখার জন্য ২০০৯ সালের ২১ জুলাই থেকে সরকার গ্যাস সংযোগে নিষেধাজ্ঞা জারি করে। গ্যাসের উত্পাদন দৈনিক দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুট না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। তিনি জানান, এ সরকার ক্ষমতা গ্রহণের পর সব মিলিয়ে ৪৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তা ছাড়া গৃহীত কাজ যথাসময়ে শেষ করা সম্ভব হলে ২০১৫ সালের মধ্যে অতিরিক্ত প্রায় দুই হাজার ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।অপু উকিলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন আট থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। এই গ্যাসক্ষেত্রে আরও একটি কূপ খনন করা হবে। কনকোফিলিপস গভীর সমুদ্রে তাদের জরিপ কাজ শেষ করেছে। বর্তমানে ডেটা প্রসেসের কাজ চলছে। জরিপের ফলাফলে ওপর ভিত্তি করে কূপ খননের কাজ শুরু হবে। বিএনপির আবুল খায়ের ভূঁইয়ার প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দেশের গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। তবে আগামী বছর নভেম্বর-ডিসেম্বর মাসে কয়েকটি প্ল্যান্ট উত্পাদনে আসলে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।