প্রতিদিন পানি দান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মাছিমপুর একটি ঘনবসতি এলাকা। এখানে রয়েছে তীব্র পানিসংকট। এলাকার বাসিন্দারা অধিকাংশই নিম্নমধ্যবিত্ত। তাদের পক্ষে নিজস্ব চাপকল বা নলকূপ বসিয়ে বিশুদ্ধ পানি তোলা কিংবা কিনে প্রয়োজন মেটানো সম্ভব নয়। এ অবস্থায় সুরমা নদীর পানি দিয়েই চলত এসব মানুষের দৈনন্দিন কাজকর্ম। সমস্যাটির সমাধানে এগিয়ে আসেন ওয়ার্ড কাউন্সিলর কাজী ফারুক আহমদ। তিনি নিজের বাসার পাশে গভীর নলকূপ বসান। এ নলকূপ দিয়ে পানি তুলে তিনি তা পাইপ দিয়ে এসব দরিদ্র মানুষের মধ্যে প্রতিদিন বিলি করেন। ২০০৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে তিনি পানি বিলিয়ে দরিদ্র মানুষের উপকার করে চলেছেন।কাজী ফারুক আহমদ সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অন্যান্য ওয়ার্ডের মতো তাঁর এলাকায়ও পানিসংকট ছিল চরমে। এ অবস্থায় ২০০৪ সালে তিনি দরিদ্র ও গরিব মানুষের পানির সমস্যা সমাধানে নিজ খরচে গভীর নলকূপটি বসান। এ নলকূপ থেকে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ওয়ার্ডবাসীকে বিনা মূল্যে পানি বিলি করেন। প্রতিদিন প্রায় আট হাজার কলস পানি বিতরণ করা হয় তাঁর নলকূপ থেকে।গত ৩১ জানুয়ারি দুপুরে সরেজমিনে দেখা গেছে, কাউন্সিলর কাজী ফারুক আহমদের বাসা ঘিরে মানুষের সারি। শত শত নারী-শিশু কলস ও পানির পাত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। সারিবদ্ধভাবে এদের সবাই পাইপ থেকে পানি সংগ্রহ করছে।পানি সংগ্রহকারী মরিয়ম বেগম (৩৪) নামের একজন বলেন, ‘ফারুক সাব আমরারে পানি দিতাছইন। আমরার এখন পানির কোনো সমস্যা নাই।’এ ব্যাপারে কাজী ফারুক আহমদ বলেন, ‘এলাকার মানুষের পানির সমস্যা দেখে আমার মন খারাপ হয়ে যেত। এসব মানুষের সমস্যার কথা বিবেচনায় এনে সিটি করপোরেশন কর্তৃপক্ষের দিকে না তাকিয়ে নিজ খরচে নলকূপ বসিয়েছি। যখন এ মানুষগুলো কলস ভরে পানি নিয়ে খুশি মনে বাড়ি ফেরে, তখন এ দৃশ্য দেখে মনে শান্তি আসে।’