প্রতিদিন ২০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ হয় এক-তৃতীয়াংশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে আবাসন বাড়ছে। আবাসনের প্রাবল্যে বাড়ছে বর্জ্যের ভার। সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় প্রায়ই এলাকায় দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়। নগরবাসীর অভিযোগ, কর্তৃপক্ষ সময়মতো ময়লা পরিষ্কার না করায় এ অবস্থা প্রতিনিয়ত অসহনীয় হলেও সইতে হচ্ছে। সিটি করপোরেশনের দেওয়া তথ্য মতে, নগরে প্রতিদিন রাত পোহালেই প্রায় ১৮০ থেকে ২০০ মেট্রিক টন বর্জ্য জমা হয়। তাত্ক্ষণিক অপসারণ করা সম্ভব হয় ১৫০ থেকে ১৬০ মেট্রিক টন। মূলত জনশক্তির অভাবে বর্জ্য অপসারণে প্রতিবন্ধকতা রয়েছে। অপসারিত না হওয়া বর্জ্য সমস্যায় নাগরিকদের নাকাল হতে হচ্ছে। পাড়া-মহল্লার বাসিন্দারা জানান, সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল, বিকাল ও রাত—এই তিন সময়ে আবর্জনা অপসারণ করার কথা থাকলেও তা কার্যকর হচ্ছে না। শুধু সকালে ও বিকেলে আবর্জনা অপসারণ করা হয়, তাও সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিন থেকে। অন্য দিকে ডাস্টবিন ছাড়া বিভিন্ন স্থানে আবর্জনা ফেলা হলেও তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। এ অবস্থায় ময়লা-আবর্জনা পচে একসময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ অবস্থায় দুর্ভোগ ও ভোগান্তিতে রীতিমতো নাকাল হওয়ার মুখে পড়ে নাগরিকেরা। দাড়িয়াপাড়া এলাকার তকবির হোসেন বলেন, নির্ধারিত ডাস্টবিন ছাড়া রাস্তার পাশে কিংবা জনবহুল স্থানগুলোতে ময়লা-আবর্জনা ফেলতে সিটি করপোরেশনের বিধিনিষেধ থাকলেও তা কেউ মানছে না। অবস্থা দেখে মনে হচ্ছে, সিলেট নগর পুরোটাই যেন ময়লা-আবর্জনার ভাগাড়! সরেজমিনে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ব্যস্ততম এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক ও অলিগলির পাশে স্তূপাকারে ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। তেঁতে উঠছে চারপাশ, বেরোচ্ছে দুর্গন্ধ। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যগত ঝুঁকিও তৈরি হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।গত ১০ জানুয়ারি সকালে দর্জিপাড়া এলাকার মূল সড়কের পাশে এক কোণে একজন মহিলাকে কয়েকটি ময়লার থলে ফেলে যেতে দেখা যায়। এ সময় তাত্ক্ষণিকভাবে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের এলাকায় সিটি করপোরেশনের কোনো ডাস্টবিন নেই। তাই বাধ্য হয়ে রাস্তার পাশেই ময়লা ফেলে যাচ্ছি। পরে পরিচ্ছন্নতাকর্মীরা এসে এটি পরিষ্কার করে নেবে। এতে তো সমস্যার কিছু দেখছি না।সিলেটভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কৌশল প্রণয়নসংক্রান্ত ‘নাগরিক মৈত্রী’ কমিটির আহ্বায়ক সমর বিজয় সী শেখর বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মী বাড়াতে হবে এবং গাড়ির সংকট নিরসন করতে কর্তৃপক্ষকে প্রয়োজনে এ খাতে বিশেষ বরাদ্দ রাখতে হবে। যে করেই হোক নাগরিক দুর্ভোগ মোকাবিলায় সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।