সুন্দরবনের লাগোয়া খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লক্ষাধিক মানুষ বেড়িবাঁধ ভেঙে আবারও তলিয়ে যাওয়ার আতঙ্কে আছে। আইলার আঘাতে বিধ্বস্ত ৬৪৯ কিলোমিটার বেড়িবাঁধের মাত্র ১০০ কিলোমিটার মেরামত করেছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু এক সপ্তাহ ধরে বাঁধের মেরামত হওয়া অংশেও ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রতিদিনই এ অঞ্চলের মানুষ আইলার মুখোমুখি হচ্ছে। দাকোপ ও কয়রা উপজেলায় দুটি করে মোট চারটি এবং শ্যামনগরের একটি এলাকা জোয়ারের পানিতে ভেসে গেছে। নতুন করে তলিয়ে গেছে ৪০টি গ্রাম। আরও শখানেক গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইলার আঘাতে দুর্বল হওয়া বেড়িবাঁধের অনেক জায়গায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় লোকজন এর জন্য পাউবো এবং ঠিকাদারদের অবহেলা ও দুর্নীতিকে দায়ী করছেন। যথাযথ নকশা অনুসরণ না করে বাঁধ নির্মাণ করায় আসছে বর্ষায় এর বেশির ভাগ ভেঙে যেতে পারে বলে স্থানীয় লোকজনের আশঙ্কা। পানি উন্নয়ন বোর্ড খুলনার বিভাগীয় কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মোস্তাক হোসেন মেরামত হওয়া বাঁধে ভাঙন দেখা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ঠিকাদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামতকাজ তদারকির জন্য পাউবো কর্মকর্তারা মাঠে যাচ্ছেন না বলে ঠিকাদারেরা নকশা অনুসরণ না করে বাঁধ নির্মাণ করছেন বলে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে তিনি বলেন, পাউবোর কর্মকর্তারা কাজ তদারকি করতে গেলে ঠিকাদারদের লোকেরা হামলা চালাচ্ছেন, মারধর করছেন। বাঁশছাড়া বেড়িবাঁধ: ‘আমরা প্রতিদিনই আইলার মুখে পড়ছি। বেড়িবাঁধ ভাঙি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো গ্রাম ভাসি যাচ্ছে। অবশিষ্ট বেড়িবাঁধগুলানও নড়বড়ে। সেখানেও দাঁড়াতে পারছি না।’ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে আইলার পর তৃতীয়বারের মতো তলিয়ে গেছে বেড়িবাঁধ। ভাঙা বাঁধের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন গ্রামের বাসিন্দা আবু মুসা শিকারি। সুন্দরবনে হরিণ শিকার করার ‘সুনাম’ থাকায় পারিবারিক পদবি শিকারি হলেও তাঁর পরিবারসহ গ্রামসুদ্ধ মানুষ আইলার শিকারে পরিণত হয়ে নয় মাস ধরে ধুঁকছে।গিলাবাড়ী গ্রামের বেড়িবাঁধটি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে মেরামত করেছিল। এক মাস যেতে না যেতেই পূর্ণিমার সময় বড় জোয়ারে তা আবার ভেঙে যায়। এরপর একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধটি আবার মেরামত করে দেয়। তা পানির তোড়ে ভেঙে যায়। পাউবো ঠিকাদারদের দিয়ে গত মাসে ভাঙা বাঁধটির পেছনে একটি রিং বাঁধ দেয়। গত ৪ জুলাই তাও ভেঙে গেলে গিলাবাড়ীসহ আটটি গ্রাম তলিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, বাঁধ ভাঙার পর পাউবোর কোনো কর্মকর্তা ওই এলাকার খোঁজ পর্যন্ত নিতে যাননি। তাঁরা বলেন, রিং বাঁধটি মেরামতের সময় গ্রামবাসী বলেছিল, শুধু মাটি দিয়ে বাঁধ দিলে টিকবে না। দুই পাশে বাঁশের খুঁটি ও বেড়া দিতে হবে। বাঁধের প্রস্থ আরও বাড়াতে হবে। তৈরির পর কমপক্ষে এক মাস দুই পাশে পানি দিয়ে রাখতে হবে। যাতে জোয়ারের পানির ধাক্কা কম লাগে। ঠিকাদারেরা এই মতামত উপেক্ষা করে বাঁধ তৈরি করেছেন। তিন দিনের মাথায় তা আবার ভেঙে গেছে। গিলবাড়ীর শাবাবুদ্দিন মোল্লা জানান, রিং বাঁধটি নির্মাণের পর তারা গ্রামে নিজেদের বসতভিটায় ফিরে গিয়েছিল। জমি থেকে পানি সরিয়ে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই আইলার মতো করে জোয়ারের পানি এসে বাঁধটি ভেঙে দিয়েছে। সরেজমিনে ঘুরে একই অবস্থা দেখা গেল খুলনার আইলা-বিধ্বস্ত দাকোপের সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে। সুতারখালীর নলিয়ান বন ফাঁড়ির কাছে করা বেড়িবাঁধটিও ৩ জানুয়ারি ভেঙে গেছে। গত শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, ভাঙা রিং বাঁধটি আবারও মেরামতের উদ্যোগ নিয়েছেন ঠিকাদার। পুনর্নির্মাণের ক্ষেত্রে দেখা গেল অনিয়মের চিহ্ন। মাটি আটকানোর জন্য মোটা বাঁশ ও বেড়া দেওয়ার কথা থাকলেও কোনোমতে কয়েকটি চিকন বাঁশ দিয়ে বাঁধটির মাটি আটকে রাখা হয়েছে। এর মধ্যেই শ্রমিকেরা মাটি ফেলছেন। শ্রমিকেরা জানান, তাঁরা নলিয়ান গ্রামেরই লোক। মোটা বাঁশ ও শক্ত বেড়া দিয়ে বেড়িবাঁধ আটকানোর জন্য বলা হলেও ঠিকাদার তা শুনছেন না। খরচ বাঁচাতে গিয়ে গতবারের মতো এবারও পূর্ণিমার জোয়ারের সময় বাঁধটি ভেঙে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা। ঠিকাদার দীন ইসলাম প্রথম আলোকে বলেন, সরবরাহকারীকে মোটা বাঁশের দাম দেওয়ার পরও সে চিকন বাঁশ দিয়েছেন। তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে কিছু ত্রুটি হয়েছে। ভবিষ্যতে আর এমন হবে না। সাতক্ষীরার আইলা-বিধ্বস্ত শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দাতনাখালী গ্রামেও বুধবার বেড়িবাঁধ ভেঙে নতুন কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এলাকাবাসী শক্ত রিং বাঁধ দেওয়ার দাবি জানালেও পাউবো তা শোনেনি। মেরামত করতে গিয়ে তাই বাঁধ আবারও ভেঙেছে। সুতারখালী ও কামারখোলা ইউনিয়ন ঘুরে দেখা গেল কোনোমতে টিকে থাকা বেড়িবাঁধগুলোর অনেক স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ মেরামতে দীর্ঘসূত্রতা: পাউবোর খুলনা বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় আইলার আঘাতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার ৩৮টি পোল্ডারের সবগুলোই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ৬৫১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৬৮৪ কিলোমিটারই কোথাও পুরোপুরি, কোথাও আংশিক বিধ্বস্ত হয়েছে। ৬৩৯টি স্লুইসগেটের মধ্যে ১০৯টি অকেজো ও নষ্ট হয়ে গেছে। গত নয় মাসে ৩৩টি পোল্ডারের ১০০ কিলোমিটার অংশ মেরামত হয়েছে। আরও ১০০ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের প্রক্রিয়া চলছে। বাকি ৪৮৪ কিলোমিটার মেরামত চলতি বছর শুরু হবে কি না, তা পাউবো থেকে নিশ্চিত করে বলা হয়নি। দুর্ভোগ যাচ্ছে না: বেড়িবাঁধগুলোর ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢোকায় প্রতিদিনই বাঁধের ভাঙন আরও সম্প্রসারিত ও গভীর হচ্ছে। কয়রা, দাকোপ ও শ্যামনগর উপজেলার বেশ কিছু এলাকা থেকে বেশির ভাগ মানুষ বসতভিটা ছেড়ে চলে গেছে। ওই সব এলাকা পরিত্যক্ত জনবসতিতে পরিণত হতে চলেছে। বাঁধ মেরামত নিয়ে যা হচ্ছে: অন্তত পাঁচটি পোল্ডারের ৩০টি স্থান ভেঙে খালে পরিণত হয়েছে। স্রোতের টানে অনেক খাল এমন গভীর হয়েছে যে, সেখানে প্রচুর মাটি ফেলেও তা ভরাট করা যাচ্ছে না। ফলে আশপাশের ক্ষতিগ্রস্ত না হওয়া বেড়িবাঁধগুলোও যেকোনো সময় ভেঙে পড়তে পারে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় দেড় শ কোটি টাকায় কয়রা, দাকোপ ও শ্যামনগর উপজেলার বেশ কিছু বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সময় নির্ধারণ করা হয়েছে ২০১১ সাল। কিন্তু এখনো এই কাজের পরামর্শকদের প্রতিবেদন দেওয়াই শেষ হয়নি। প্রতিবেদন দেওয়ার পর দরপত্র আহ্বান করে কার্যাদেশ দিতে জুন-জুলাই লেগে যাবে। ফলে চলতি বছরের মধ্যে বেড়িবাঁধগুলো মেরামত শুরু করা সম্ভব হবে না বলে পাউবো সূত্র মনে করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জুন-জুলাইয়ে ভরা বর্ষা থাকবে। এই সময়টাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট বেড়ে যায়। বাঁধ নির্মাণ করা না হলে এই এলাকার কী অবস্থা হবে, তা এখনই চোখ বুজে বলে দেওয়া যায়।