প্রতিদিনই একজন মার্কিন সেনার আত্মহত্যা!
মার্কিন সেনাবাহিনীতে এ বছর আত্মহত্যার হার খুব বেড় গেছে। প্রতিদিন গড়ে একজন করে মার্কিন সেনা আত্মহত্যা করছে বলে সাম্প্রতিক এক জরিপে জানা গেছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।বিবিসির তথ্যের সত্যতা নিশ্চিত করে পেন্টাগন জানায়, এ বছর ৩ জুন পর্যন্ত কর্তব্যরত সেনাদের মধ্যে ১৫৪ জন আত্মহত্যা করেছে। গত বছর এ সময় পর্যন্ত আত্মহত্যার সংখ্যা ছিল ১৩০ জন। একই সময়ে মার্কিন যুদ্ধ-সেনার মৃত্যুর হারের চেয়ে এই হার অনেক বেশি। পেন্টাগনের মুখপাত্র সিনথিয়া স্মিথ বিবিসিকে বলেন, ‘সেনাবাহিনীতে আত্মহত্যার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘আমরা যে কয়েকটি গুরুতর সমস্যার মধ্যে আছি, এটি অন্যতম।’ তিনি জানান, যেসব সেনা বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছেন, এর মধ্যে এই হার সবচেয়ে বেশি। তবে আত্মহত্যাকারীদের মধ্যে এমন সেনারাও আছেন, যাঁদের কখনো কোনো মিশনের পাঠানো হয়নি।২০১০ ও ২০১১ সালে এ ধরনের মৃত্যুর হার কমে গিয়েছিল, কিন্তু ২০১২ সালে মৃত্যুর সংখ্যা খুব বেশি বেড়েছে। সেনাবাহিনীতে আত্মহত্যার হার কমাতে এর আগে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একটি হলো দ্রুততম সময়ের মধ্যে মানসিক চিকিত্সাসেবা নিশ্চিত করা।