গ্রিনরোডের গ্রিন সুপার মার্কেট থেকে রিকশায় চড়ে সোবহানবাগ এলেন আফসানা রহমান। রিকশায় ১০-১৫ মিনিটের পথ আসতে তাঁর সময় লেগেছে ৪৫ মিনিট। তাঁর ভাষ্য, ‘রাস্তা এমন ভাঙাচোরা যে ঝাঁকুনিতে রিকশায় বসে থাকা দায়। অন্যদিকে পূর্ব রাজাবাজার মসজিদ পার হওয়ার সময় দুর্বিষহ জ্যামে পড়তে হয়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলের পাশ দিয়ে গ্রিনরোড থেকে একটি রাস্তা পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার হয়ে চলে গেছে সোবহানবাগ। এই রাস্তার বেশির ভাগ অংশই ভাঙাচোরা। পূর্ব রাজাবাজারের বাসিন্দা সাকিব হাসান বলেন, ‘পাঁচ বছর ধরে এ এলাকায় থাকি। তখন থেকেই রাস্তার এই হাল দেখছি। বৃষ্টি হলে রাস্তায় জমে থাকা পানির কারণেই প্যান্ট গুটিয়ে চলাচল করতে হয়।’অন্যদিকে রাস্তাটিতে যানজট লেগেই থাকে। চওড়া কম থাকায় এ রাস্তায় যানজট তৈরি হয় বলে জানান স্থানীয় একাধিক বাসিন্দা। অপ্রশস্ত এই রাস্তায় আইবিএ হোস্টেলের পাশে দেখা গেল তরি-তরকারি ও মাছের দোকান।সোবহানবাগের মুদি দোকানি আবদুুল হাই জানান, দুই পাশের বাড়িগুলো রাস্তাটিকে দুই দিক থেকে চেপে ধরেছে। একবিন্দু জায়গা ছাড়েনি কেউ। এ কারণে রাস্তা অনেক বেশি সংকীর্ণ হয়েছে। আর এই রাস্তায় গাড়ি ঢুকলেই তৈরি হয় যানজট।রাজাবাজার-সোবহানবাগ রাস্তাটি মেরামত করা হচ্ছে না কেন জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম জানান, শিগগির এই রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। যানজট কমাতে বাড়িওয়ালাদের সহায়তা দরকার। তাঁরা যদি জায়গা ছাড়েন, তবে সংস্কারের সময় রাস্তার প্রস্থ বাড়ানো যাবে। রাজাবাজারের সড়ক, ফুটপাত ও নর্দমা বিষয়ে অভিযোগ নম্বর: ৯১১৮৬৬০ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬, ডিসিসি)।