প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রীতিভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা একে-অন্যকে দাওয়াত করে এক টেবিলে বসে খাবেন, এমন ঘটনা বিরল। গতকাল বৃহস্পতিবার এমনই ব্যতিক্রম দেখা গেল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের এক মধ্যাহ্নভোজে। বারাক ওবামার দাওয়াত গ্রহণ করে মিট রমনি যোগ দেন ওই ভোজে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে গতকাল এ কথা জানানো হয়। ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই দুই নেতার প্রথম সাক্ষাত্। নির্বাচনী প্রচারণার সময় দুই নেতা পরস্পরের বিষোদগারে কেউ কারও কম যাননি ।সিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্টের ব্যক্তিগত খাওয়ার ঘরে এই মধ্যাহ্নভোজ হয়। সেখানে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না। এমনকি দুই নেতার কোনো ছবি তোলার অনুমতিও মেলেনি। তাই ঘণ্টা খানেকের এই মধ্যাহ্নভোজে আসলে কী হয়েছে বা কী কথা হয়েছে, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি জানান, ওবামা ও রমনি এই বৈঠকের বিষয়টি তাঁদের ব্যক্তিগত পর্যায়ে রেখেছেন। তিনি জানান, এই বৈঠকে ওবামার তরফ থেকে সুনির্দিষ্ট কোনো আলোচ্যসূচি ছিল না। সরকারকে আরও কার্যকর করতে রমনির চিন্তা-ভাবনা সম্পর্কে জানার জন্য আলোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গভর্নর হিসেবে মিট রমনির সাফল্যের চাবিকাঠি সম্পর্কে প্রেসিডেন্ট ওবামা জানতে চেয়েছেন, যাতে সেই অভিজ্ঞতা সরকার পরিচালনায় যুক্ত করা যায়। রমনির উপদেষ্টা এরিখ ফ্রেনস্ট্রম এ ঘটনাকে খুব বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ এমন কিছু বড় বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। এ ছাড়া এই আমন্ত্রণের ফলে মিট রমনি সামনাসামনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানানোর সুযোগ পেলেন বলেও তিনি মন্তব্য করেন।