প্রতিদ্বন্দ্বী আহসানকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ শওকতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ১৮-দলীয় জোটের প্রার্থী আহসান হাবিব কামালকে নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন মহাজোট-সমর্থিত প্রার্থী শওকত হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের অশ্বিনীকুমার হলে এক সংবাদ সম্মেলনে শওকত হোসেন বলেন, পুলিশের গুলি ছোড়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এ ঘটনাকে বিএনপির নেতারা ও তাঁদের সমর্থিত-প্রার্থী আহসান হাবিব নিজে তাঁর ওপর পুলিশি হামলা বলে দাবি করে মিথ্যাচার করছেন।’ গুলিবিদ্ধ হারুনকে আহসান হাবিবের ‘কথিত দেহরক্ষী’ আখ্যা দিয়ে শওকত হোসেন বলেন, হারুন বিএনপির একজন কর্মী। হারুনকে আহসান হাবিব এজন্য দেহরক্ষী বলে প্রমাণ করার চেষ্টা করছেন, যেন মনে হয় হামলাটা তাঁর ওপরই হয়েছিল। তিনি বলেন, এ মিথ্যাচারের মধ্য দিয়ে ভোটারদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী।শওকত হোসেন বলেন, ‘আমি শুনেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি পুলিশকে বলব, অবিলম্বে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হোক।’গতকাল বুধবার রাতে আহসান হাবিব দাবি করেন, গুলিবিদ্ধ হারুন অর রশীদ নন, তিনিই ছিলেন হামলার লক্ষ্যবস্তু। তিনি নিজের প্রাণ নিয়ে শঙ্কিত। প্রচারণার শেষ দিনে আজ তিন মেয়র পদপ্রার্থীর দুজন ব্যস্ত ছিলেন অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন আয়োজনে। তবে এরই মধ্যে চলেছে জনসংযোগ। মিছিল, সভা-সমাবেশ, শোভাযাত্রাও চলেছে, নির্বাচনী আচরণবিধিমালা অনুযায়ী যা সম্পূর্ণ নিষিদ্ধ।বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিবের প্রচারণা ছিল তুলনামূলক বেশি। বিশেষ করে নগরের অশ্বিনীকুমার হলের পাশে বিএনপি কার্যালয়ের সামনের চত্বরে কর্মী সমাবেশের নামে আয়োজিত জনসভা। এ সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক শাহজাহান মিলন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ার, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে।আগের দিন রাত থেকেই পুলিশের গুলিতে আহত হারুনের ওপর হামলার প্রতিবাদের নামে বিএনপি-সমর্থিত প্রার্থীর নেতা কর্মীরা নগরের ৩০ ওয়ার্ডের সর্বত্রই মিছিল করেছেন।আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী শওকত হোসেন নগরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।