‘প্রথম দিকে খুব হতাশ হতাম। কেন আমার সঙ্গেই এমনটা হয়! কিন্তু এখন আর হই না। স্বাভাবিকভাবেই নিই।’খুব সরল স্বীকারোক্তি। কিন্তু মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ইনজুরি নামের ঘাতকের ছায়াসঙ্গী হয়ে থাকার ইতিহাস জানি বলেই তাঁর কথাটা বুকে নিধুয়া পাথারের হাহাকার তোলে। ‘খুব স্বাভাবিকভাবেই নিই’ কথাটা যেন প্রতিধ্বনিত হয় আমাদের হূদয়ে। কেন স্বাভাবিকভাবে নেবেন? তবে কি তিনি ধরে নিয়েছেন এটাই তাঁর নিয়তি? নাকি একের পর এক ইনজুরিতে পড়তে পড়তে রোজকার অভ্যাস হয়ে গেছে তাঁর!কেবল হাঁটুতেই অস্ত্রোপচার করিয়েছেন সাত-সাতবার। না, ভুল পড়েননি। অস্ত্রোপচারের সংখ্যাটি সাত-ই। বাঁ হাঁটুতে চারবার, ডান হাঁটুতে তিন। এতবার সার্জনের ছুরির নিচে নিজেকে সঁপে দেওয়ার পর আপনি-আমি হয়তো সিঁড়ি দিয়ে ওঠার সময়েও সতর্ক ভঙ্গিতে পা ফেলতাম। ভেবে দেখুন, সেখানে মাশরাফিকে মাঠে নিয়ত দৌড়ঝাঁপ করতে হয়। চোটের কারণে অনেক তারকা খেলোয়াড়ের ক্যারিয়ারই শেষ হয়ে গেছে অকালে। সেখানে নড়াইলের অখ্যাত আঁধার থেকে আন্তর্জাতিক ঝলমলে মঞ্চে উঠে আসা, ‘নড়াইল এক্সপ্রেস’ নামে খ্যাতি পেয়ে যাওয়া মাশরাফি এখনো লড়াই করে যাচ্ছেন। তাঁর লড়াইটা শুধু টেন্ডুলকার-ক্যালিসদের সঙ্গে নয়। অদৃশ্য শত্রু হয়ে সব সময় আড়ালে ওত পেতে থাকা ইনজুরি নামের ঘাতকটার সঙ্গেও। ২০০২ সালের কথা ভাবুন। জাতীয় দলে মাত্রই এসেছেন মাশরাফি। কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ না খেলেই সরাসরি টেস্ট দিয়েই অভিষেক। ফার্স্ট ক্লাস না খেলে সরাসরি টেস্টে অভিষেক যে কত বিরল ঘটনা, সেটা বোঝা যাবে এই তথ্যে—১৮৯৯ সালের পর মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন অভিষেক হয়েছিল মাশরাফির!বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার অভিজ্ঞতা যে তাঁর নেই, একদমই বুঝতে দিচ্ছিলেন না। বরং এটা ভালোমতো বুঝিয়ে দিচ্ছিলেন, বড় এক রত্নের সন্ধান পেয়ে গেছে ক্রিকেটের এই ব-দ্বীপ। কিন্তু গোটা কয়েক ম্যাচ খেলতে না-খেলতেই ইনজুরি। কীভাবে? নড়াইলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে!একেবারে বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। ভারতের চেন্নাইয়ে অস্ত্রোপচার করানো হয়। টানা ১৪ মাস চলে যান মাঠের বাইরে। ২০০৩ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফেরেন। পুরো বাংলাদেশ দলের মতো ওই বিশ্বকাপটা তাঁর জন্যও হয়ে আছে তিতকুটে অভিজ্ঞতার। নভেম্বর ২০০৩ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানে তুলে নেন ৪ উইকেট। তাঁর তখনকার ক্যারিয়ার-সেরা বোলিং। এমন বোলিং করে নাক-উঁচু ইংলিশদের সমীহ যখন কুড়িয়ে নিয়েছেন, ঠিক পরের ইনিংসেই বল করতে গিয়ে পড়ে গেলেন। এবারও চোট হাঁটুতে। ছিঁড়ে গেল লিগামেন্ট। ভারত নয়, এবার অস্ট্রেলিয়ান স্বনামধন্য সার্জন ডেভিড ইয়াংয়ের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। আবারও নয় মাস মাঠের বাইরে মাশরাফি।সেই যে ইয়াংয়ের কাছে গেলেন, এরপর অনাকাঙ্ক্ষিতভাবে নিয়মিত বিরতিতে সেই চিকিৎসকের সঙ্গে নিয়মিতই দেখা হতে শুরু হলো মাশরাফির। কে জানে, শুরুতে তাঁর ওপর বেশি চাপ পড়ে গিয়েছিল বলেই কি না এভাবে একের পর এক ইনজুরিতে পড়েছেন। পড়েছেন, কিন্তু লড়াকু মাশরাফি বারবার ফিরেও এসেছেন, ফিরেছেন মাথা উঁচু করেই। ২০০৪ সালে যেমন ফিরলেন।সেবার ভারতের বিপক্ষে সিরিজ। টেস্টে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীর ঘাম ছোটালেন। তবে রাজার মতো ফেরাটা টেস্টে নয়, হলো ওয়ানডেতে। ১৫ মাস পর ওয়ানডে খেলতে নেমেই হিরো নড়াইল এক্সপ্রেস। ভারতকে হারিয়ে বাংলাদেশ তার শততম ওয়ানডেতে স্মরণীয় এক জয় পেল মাশরাফির সৌজন্যে। দুই উইকেট নিয়ে, দুটো ক্যাচ ধরে, ব্যাট হাতে অপরাজিত ৩১ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হলেন মাশরাফি।এরপর এল ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ঐতিহাসিক সিরিজ। প্রথম টেস্টেই পিঠে ব্যথা পেয়েছিলেন। কিন্তু সেই ব্যথা নিয়েই বল করে গেছেন। শুধু ব্যথা নিয়ে খেলে গেছেন বলেই নয়, বাংলাদেশের প্রথম টেস্ট আর প্রথম টেস্ট সিরিজ জয়ের সেই ঐতিহাসিক সিরিজে তার পরও ব্যাটে-বলে বড় ভূমিকা রেখেছেন। ব্যাট হাতে ৩১ গড়ে করেছেন ৯৩ রান, বল হাতে ২৪.৮৮ গড়ে নিয়েছেন ৯ উইকেট।এই সিরিজের মতো কার্ডিফের সেই মহাকাব্যিক জয়েও কিন্তু নেপথ্য নায়ক হয়ে ছিলেন মাশরাফি। ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফর। অধিনায়ক হিসেবেই গিয়েছিলেন সিরিজটায়। কিন্তু মাত্র ৬.৩ ওভার বল করেই আবারও সতীর্থের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ায় গিয়ে ডান ও বাঁ—দুই হাঁটুতেই আরও একবার করে অস্ত্রোপচার করাতে হয়েছে। নেতৃত্ব হারিয়েছেন, এরপর আর টেস্ট দলেও ফিরতে পারেননি। কিন্তু তার পরও, ওই যে কী এক জাদুমন্ত্র জানেন, যে মন্ত্রবলে আবারও উঠে দাঁড়ান। দাঁড়িয়েছিলেন ২০১১ বিশ্বকাপের আগেও। স্বপ্ন ছিল দেশের মাটিতে নিজ দলের হয়ে খেলবেন বিশ্বকাপের মতো আসর। কিন্তু আবারও লিখতে হলো সেই ইনজুরির গল্পটাই! বিশ্বকাপের ঠিক আগে প্রিমিয়ার লিগে আবাহনী-বিকেএসপি ম্যাচে রান নিতে গিয়ে পড়ে গেলেন উইকেটে!তার পরও মাশরাফি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পূরণ হলো না বিশ্বকাপের স্বপ্ন। হতাশায়, কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু ভেঙে পড়াটা তাঁর রক্তে নেই। আবারও মাথা তুলে দাঁড়িয়েছেন, স্রোতের প্রতিকূলে সাঁতরাবেন বলে। বেশ কিছুদিন হলো সপ্তমবারের মতো ডেভিড ইয়াংয়ের ছুরির নিচে আবারও সঁপে দিয়েছেন নিজেকে। এখন চলছে তাঁর পুনর্বাসন-প্রক্রিয়া। মাশরাফিই বলছিলেন, ‘একজন মানুষের সর্বোচ্চ চারবার এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) রিকনস্ট্রাকশন করা যায়। শরীরের অন্য জায়গা থেকে একটা অংশ কেটে এনে এটা করতে হয়। আমার এর মধ্যেই তিনবার হয়ে গেছে, মানে পুরো হাঁটু তিনবার নতুন করে তৈরি করা হয়েছে। বাঁ হাঁটুতে দুবার, ডান হাঁটুতে একবার। চতুর্থবার এটা করতে হলে মৃত মানুষের লিগামেন্ট কেটে এনে করাতে হবে।’হয়তো আরেকবার বড় কোনো হাঁটুর চোট শেষ করে দিতে পারে তাঁর ক্যারিয়ারই। পারবেন তো চ্যালেঞ্জটা নিতে?প্রশ্নটা করতেই মাশরাফি হাসেন। আত্মবিশ্বাসে ঝলমলে এক হাসি। যেন বলতে চান, ইনজুরি যদি এবারও চ্যালেঞ্জ জানায়, উত্তর একটাই আছে তাঁর, ‘ধরে দিবানি!’