যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য একটি বড় ধাক্কা এই পরাজয়। নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন, বেকারত্ব ও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণমূলক নীতির কারণে ভোটাররা ডেমোক্র্যাটদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর এ ব্যাপারে জনমত সৃষ্টিতে ভূমিকা রেখেছে রিপাবলিকান দলের কট্টরপন্থী অংশের ‘টি-পার্টি’ নামের আন্দোলন। টি-পার্টির নেতারাই দলের বিশাল জয়ে মূল ভূমিকা রেখেছেন। জয় নিশ্চিত হওয়ার পরপরই তাঁরা ওয়াশিংটনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে লড়াই চালানোর কথা বলেছেন।গত মঙ্গলবারের ভোট গ্রহণ শেষে দেখা গেছে, এই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে রেকর্ড সংখ্যক আসন হারিয়েছে প্রেসিডেন্টের দল। ডেমোক্র্যাট পার্টির কাছ থেকে অন্তত ৬০টি আসন ছিনিয়ে নিয়েছে রিপাবলিকানরা। এর আগে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রথম মেয়াদকালে মধ্যবর্তী নির্বাচনে ৫৪টি আসন হারিয়েছিল ক্ষমতাসীন দল। এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব কটি আসনে এবং সিনেটের ৩৭টি আসনে নির্বাচন হয়। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেবে।মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের মধ্যে ৪৭টি এখন রিপাবলিকানদের দখলে। পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ২৩৯টিতে জয়ী হয়ে সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এ ছাড়া যে ৩৭টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে, সেখানেও ২৬টিতে জিতেছেন রিপাবলিকান প্রার্থীরা। অবশ্য নির্বাচনে বেশির ভাগ আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য ব্যবধানে জিতেছেন দুই দলের প্রার্থীরা।এই নির্বাচনের মাধ্যমে ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়ার সুযোগ পেল রিপাবলিকান পার্টি। এই ফলাফল কংগ্রেসকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্ত করে ফেলেছে। ডেমোক্র্যাটরা সিনেটে এবং রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় প্রেসিডেন্ট ওবামার জ্বালানি ও শিক্ষা খাত-সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।নির্বাচনের আগে একাধিক জনমত জরিপে ওবামার জনপ্রিয়তায় ধসের চিত্র ফুটে ওঠে। মূলত অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত মার্কিন জনগণ চাকরি হারিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর অসন্তুষ্ট হয়ে পড়ে, যার বহিঃপ্রকাশ ঘটেছে নির্বাচনে। বেকারত্ব, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ, সরকারের বিপুল অঙ্কের দেনা ও স্বাস্থ্যসেবা খাত সংস্কারের মতো বড় বড় পরিকল্পনাও জনগণের মত পরিবর্তনে ভূমিকা রেখেছে। আর এতে ইন্ধন দিয়েছে টি-পার্টি আন্দোলন।তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে এ ধরনের ফলাফল এর আগেও হয়েছে। ১৯৪২ সাল থেকে ২০১০ সালের মধ্যে শুধু দুবার প্রেসিডেন্টের দল প্রতিনিধি পরিষদে বেশি আসন পেয়েছে। এর মধ্যে ১৯৯৮ সালে বিল ক্লিনটনের দ্বিতীয় মেয়াদে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা পাঁচটি আসন এবং ২০০২ সালে জর্জ ডব্লিউ বুশের প্রথম মেয়াদে রিপাবলিকানরা আটটি আসন বেশি পায়। সিনেটের চিত্রও অনেকটা একই। ১৯৪২ সাল থেকে সিনেটে মধ্যবর্তী নির্বাচনেও বেশির ভাগ সময় আসন হারিয়েছে প্রেসিডেন্টের দল।প্রতি দুই বছর পরপর প্রতিনিধি পরিষদের নির্বাচন হয়। ২০০৮ সালে নির্বাচনের সময় ডেমোক্র্যাটদের দখলে ছিল ২৫৭টি আসন। কিন্তু এবার তারা মাত্র ১৮৫টি আসনে জিততে পেরেছে। এর ফলে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পাশাপাশি স্পিকারের পদটিও তাদের হাতছাড়া হয়েছে। দলের পরাজয় নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট ওবামা প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের নেতা জন বোয়েনারকে অভিনন্দন জানান। তিনি বোয়েনারকে বলেন, আগামী দিনে একসঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আগ্রহী। বোয়েনার আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকায় সেখানে ডেমোক্র্যাট দলের নেতা হ্যারি রিডের অবস্থানও অপরিবর্তিত রয়েছে। নেভাডা অঙ্গরাজ্যে সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী শ্যারন অ্যাঞ্জেলকে পরাজিত করে পুনর্নির্বাচিত হন রিড। তবে ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর সিনেটরের যে পদটি ডেমোক্র্যাটদের দখলে ছিল, এবারের নির্বাচনে তা হাতছাড়া হয়েছে। মোট ১০টি আসন হারিয়েছে তারা। দলের জয়ে উচ্ছ্বসিত নবনির্বাচিত রিপাবলিকান সিনেটর র্যা ন্ড পল বলেন, ‘আমরা সরকারকে পথে ফিরিয়ে নিতে এসেছি।’এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর পদও হারিয়েছে ডেমোক্র্যাটরা। আইওয়া, মিশিগান, ওহাইও, পেনসিলভানিয়া ও উইসকনের গভর্নর পদ ডেমোক্র্যাটদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। ক্যানসাসম নিউ মেক্সিকো, ওকলাহোমা, টেনেসি ও ওয়াইওমিং অঙ্গরাজ্যেও জিতেছেন তাঁরা। উসকনসিনে বিজয়ী রিপাবলিকান দলীয় ভাবী গভর্নর স্কট ওয়াকার বলেন, অঙ্গরাজ্যকে পথে ফিরিয়ে নিতে ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছেন তিনি। উসকনসিন ব্যবসার জন্য উন্মুক্ত বলে ঘোষণা করেন স্কট।এবার নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত হ্যানসেন হাসিম ক্লার্ক মিশিগান থেকে কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনে মার্কিন জনগণের কাছে অভ্যন্তরীণ বিষয়গুলোই গুরত্ব পেয়েছে বেশি। এর মধ্যে রয়েছে অর্থনীতি, বাজেট ঘাটতি, স্বাস্থ্যসেবা খাতের সংস্কার, অবৈধ অভিবাসন, শিক্ষা খাত, জ্বালানি খাত, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ এবং সন্ত্রাসবাদ। মূলত মন্দাক্রান্ত অর্থনীতির কারণে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় ওবামার প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির প্রতি আস্থা হারায় মার্কিন ভোটাররা। এই আস্থাহীনতাকেই কাজে লাগিয়েছেন রিপাবলিকান দলের টি-পার্টি আন্দোলনের নেতারা। তাঁরা বলছেন, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে ওবামার নেওয়া পরিকল্পনা দেশকে আরও দেনার দিকে ঠেলে দিচ্ছে। বরং কর্মসংস্থান সৃষ্টির জন্য টি-পার্টির নেতারা ক্ষুদ্র ব্যবসার প্রসার ও মুক্তবাজার অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার নীতি ঘোষণা করেছেন। তাঁরা বলছেন, এসব নীতি বাস্তবায়নে তাঁরা চাপ সৃষ্টি করবেন।