এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৭ জুলাই এসেছিলেন আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। যেকোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক অথবা নন-ব্যাংকিং পেশার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: আইডিএলসি ফিন্যান্স লিমিটেড সম্পর্কে বিস্তারিত কিছু বলুন?সেলিম আর এফ হোসেন: আইডিএলসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরোনো নন-ব্যাংকিং ফিন্যানশিয়াল প্রতিষ্ঠান। ১৯৮৫ সালে আইএফআইসি ব্যাংক, আগাখান ফাউন্ডেশন, সাধারণ বীমার মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসির যাত্রা শুরু। যাত্রা শুরুর কালে এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিল আইএফআইসি, জার্মান ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, কুকমিন ব্যাংক, আগাখান ফান্ড অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, কোরিয়া ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, সিটি ব্যাংক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ। ১৯৮৫ সালে মতিঝিলের হাজি ম্যানশনে আইডিএলসির যাত্রা শুরু হয়। আমরা করপোরেট, এসএমই, রিটেইল এবং স্টক মার্কেটের সঙ্গেও যুক্ত রয়েছি।কথাবন্ধু: ফিন্যান্স বা ব্যাংকিং পেশায় যারা কাজ করতে চায়, তাদের জন্য আমাদের দেশে কাজের ক্ষেত্র বা সুযোগ কেমন?সেলিম আর এফ হোসেন: আমি প্রায় ২৭ বছর এ পেশায় কাজ করছি। এখানে বিরাট সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ার তৈরির জন্য ফিন্যানশিয়াল সেক্টর, সেটা ব্যাংকিং বা নন-ব্যাংকিং যা-ই হোক না কেন, এখানে অনেক সুযোগ আছে। অন্যান্য বিভাগ থেকে এই বিভাগটি দ্রুত অগ্রসরমাণ। দেশে এখন প্রায় ৩০-৩১টি এনবিএফআই (নন-ব্যাংকিং ফিন্যানশিয়াল ইনস্টিটিউট) আছে, ৫০টিরও বেশি ব্যাংক আছে। আরও নতুন নয় থেকে ১০টি ব্যাংক আসছে। কাজেই এ ক্ষেত্রে অনেক দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।কথাবন্ধু: যারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতে চায়, তাদের কী বিশেষ কোনো বিভাগে শিক্ষাগত যোগ্যতার দরকার আছে কি না? কমার্স বা বাণিজ্য বিভাগকে কি বেশি প্রাধান্য দেওয়া হয়?সেলিম আর এফ হোসেন: সাধারণত কমার্স বা ফিন্যানশিয়াল ব্যাকগ্রাউন্ড থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। কেউ যদি বাংলা, ইংরেজি বা ভূগোল থেকে পাস করে, তাদের জন্যও সুযোগ রয়েছে। কিন্তু কেউ যদি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং বা এমবিএ পাস করে আসে, তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। কারণ, তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই পেশার সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, সেটাও দেখা হয়। কারণ, এখন বাংলাদেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এদের মধ্যেও মানের একটি প্রশ্ন আছে। এ জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাঁচ-ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রার্থীদের মধ্য থেকে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে। কথাবন্ধু: বর্তমানে বিবিএতে পড়ার প্রবণতা বাড়ছে। পছন্দের কোনো বিষয়ে সুযোগ না হলে অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হচ্ছে। এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? সেলিম আর এফ হোসেন: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করলেই যে আপনার একটা ভালো চাকির হবে, এটা কিন্তু ঠিক নয়। তাই যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ করেও কোনো লাভ হবে না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় থেকেই পাস করা শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে থাকে। আবার অনেকে অন্য বিভাগ থেকে পড়াশোনা করে এমবিএ করছে, তারপর এ পেশায় আসছে। নিজেকে দক্ষ করার কোনো শেষ নেই। একজন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট বলেছিলেন: ইনভেস্ট ইন ইউর সেলফ অর্থাৎ নিজের মধ্যে বিনিয়োগ করেন। এ জন্য নিজেকে দক্ষ করে তুলতে হবে। নিয়মিত খবরের কাগজ পড়া উচিত। চাকরিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ঠিক করতে হবে যে আপনার দুর্বলতা কী এবং কোথায়। আপনার উন্নতি আপনারই পেশাগত কাজে লাগবে। কথাবন্ধু: কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনারা (আইডিএলসি) কোন বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন? সেলিম আর এফ হোসেন: পড়াশোনা শেষ করে কর্মজীবনে এসে যদি ভাবেন যে আপনার শিক্ষাজীবন শেষ, তাহলে ভুল করবেন। কারণ, আপনার কর্মক্ষেত্রের শিক্ষা এবার শুরু হলো। এ জন্য দক্ষতা অর্জন শুরু করতে হবে। অনেকে ভালো ফলাফল করেও ইন্টারভিউতে ভালো করেন না। ইংরেজি ও বাংলায় সুন্দর করে কথা বলতে না পারলে আপনি পিছিয়ে থাকবেন। ইন্টারভিউ বা সাক্ষাৎকার কীভাবে দিতে হয়, তা আপনাকে জানতে হবে। প্রতিনিয়ত ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকুন। আমরা নিয়োগের ক্ষেত্রে ২০ থেকে ২৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করি। তাদের এক এক করে বিষয় নির্দিষ্ট করে দিয়ে প্রেজেনটেশন বা বক্তৃতা করতে বলি। ওই সময় গুছিয়ে বিষয়টি সুন্দর করে সাজিয়ে বলতে হবে। আমরা এই বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকি।কথাবন্ধু: এ ক্ষেত্রে পার্টটাইম বা খণ্ডকালীন কাজ করার কোনো সুযোগ আছে কি না? ইন্টার্নশিপ করার সুযোগ কেমন?সেলিম আর এফ হোসেন: অন্যান্য পেশায় পার্টটাইম বা খণ্ডকালীন চাকরির অনেক সুযোগ রয়েছে। কিন্তু আমার জানা মতে, বাংলাদেশে এই সেক্টরে খণ্ডকালীন চাকরির সুযোগ নেই। তবে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। এখানে ইন্টার্নশিপের ক্ষেত্রেও অনেক প্রতিযোগিতা হয়। অনেকেই আবেদন করে। এ জন্য আপনাকে বুঝেশুনে নিয়মমাফিক আবেদন করতে হবে। অফিস মোতাবেক সময়ই দিতে হয়। এ জন্য প্রতিষ্ঠান থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয়। কথাবন্ধু: এই বিভাগে মেয়েদের কাজ করার সুযোগ কেমন? কোনো বাধা রয়েছে বলে কি আপনি মনে করেন? সেলিম আর এফ হোসেন: এ ক্ষেত্রে মেয়েদের জন্যও ভালো সুযোগ রয়েছে। তাদের জন্য কোনো অসুবিধা নেই। অসুবিধা যদি থাকে তবে সেটা নিতান্তই ব্যক্তিগত হতে পারে। আপনার পরিবারে যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। এখন বেসরকারি প্রতিষ্ঠানে বা ব্যাংকে হাজার হাজার নারী কাজ করছে। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, কিন্তু কোনো রকম অসুবিধা নেই।কথাবন্ধু: নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে?সেলিম আর এফ হোসেন: আমাদের তরুণসমাজকে অবশ্যই স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে। এ ছাড়া করপোরেট বিশ্বে সফল হতে হলে একজন অলরাউন্ডার দরকার। এ জন্য আলাদা কিছু যোগ্যতা ও দক্ষতা অর্জন করা উচিত। খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি, গান ইত্যাদি যেকোনো বিষয় হতে পারে। ইন্টারনেট ব্রাউজ করুন। বই পড়ুন। প্রতিনিয়ত নিজেকে দক্ষ করে তুলুন। পরিশ্রম করুন, আপনি থেমে থাকবেন না।গ্রন্থনা: সুদীপ দে