প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই এখন হাজতে
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গতকাল শুক্রবার রাতে নুরুজ্জামান ওরফে মুন্না (২২) নামের এক যুবক নিজেই এখন থানা হাজতে বন্দী রয়েছেন। ছাত্রলীগ ও যুবলীগের একটি পক্ষকে ফাঁসাতে একই দলের অপর একটি পক্ষ মুন্নার শরীরে ব্যান্ডেজ করে রোগী সাজিয়ে থানায় নিয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি ধরা পড়লে উল্টো মুন্নাকেই হাজতে ঢুকিয়ে দেয় বায়েজিদ থানার পুলিশ।জানা গেছে, মুন্না বায়েজিদ থানাধীন চৌধুরীনগর এলাকার নূর হোসেনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুন্নাকে মেহেদী, হাসান, বাদলসহ কয়েকজন বায়েজিদ থানায় নিয়ে যায়। এ সময় মুন্নার কপালে ও পেটে ব্যান্ডেজ ছিল। তাঁরা কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এ কে আজাদকে মামলা নেওয়ার জন্য চাপ দিলে তিনি মেডিকেল সনদ দিতে বলেন। তখন মুন্নার সঙ্গে আসা লোকজন দুর্ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।বায়েজিদ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, পুলিশের সন্দেহ হলে স্থানীয় এক চিকিত্সক ও গণ্যমান্য লোকজনদের ডেকে মুন্নার ব্যান্ডেজ খুলে দেখতে পান তাঁর কোনো জখমের চিহ্ন নেই। তাই মুন্নাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে আসা অন্যরা চলে যান। তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের আনোয়ার, নোমান, লিটনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। এ ব্যাপারে মুন্নার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। এ প্রসঙ্গে মুন্না বলেন, ‘আমাকে আনোয়াররা মারধর করে। আমি মেডিকেলে চিকিত্সা নিয়ে থানায় মামলা করার জন্য আসি।’ কোনো আঘাতের চিহ্ন না থাকার পরও কেন ব্যান্ডেজ করা হলো জিজ্ঞাস করলে তিনি কোনো জবাব দেননি।