প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের নয় বছরের মেয়েকে শ্বাস রোধ করে হত্যা করেছেন এক বাবা। সহযোগী হিসেবে সঙ্গে ছিলেন ওই মেয়ের বড় বোনসহ আরও তিনজন। নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে কিশোরগঞ্জে কটিয়াদী ও নিকলী উপজেলা সীমান্তবর্তী গ্রাম ভুনায়। ঘটনার আড়াই মাস পর পুলিশ দীর্ঘ অনুসন্ধানের পর হত্যাকাণ্ডের এ রহস্য উদঘাটন করে। গত বৃহস্পতিবার পুলিশ মামলার বাদী নিহত শিশুর বাবা শামসুদ্দিন ওরফে খস্তা ডাকাতকে ভুনা গ্রামে তাঁর ভাগনের বাড়ি থেকে এবং বোন ববিতা আক্তারকে বোরকা পরে পালানোর সময় সাজনপুর বাজার মোড় থেকে গ্রেপ্তার করে। আজ শনিবার তাঁদেরকে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ, এলাকাবাসী ও আদালত সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভুনা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গত ২৩ এপ্রিল সন্ধ্যায় শামসুদ্দিন ও তাঁর বড় মেয়ে ববিতা আক্তারসহ তাঁদের সহযোগীরা শামসুদ্দিনের ছোট মেয়ে মোহনা আক্তারকে হত্যা করে। এ সময় বাবা শামসুদ্দিন মোহনার হাত-পা বেঁধে ধরে রাখেন। বড় বোন ববিতা মোহনার গলায় জামা পেঁচিয়ে ধরেন। অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মোহনাকে এভাবে হত্যা করার পর বাড়ির পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়। ঘটনার পরদিন মোহনার হত্যাকারী বাবা থানায় গিয়ে গ্রামের আবদুল মোতালেব ওরফে কাজল মাস্টারসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় পুলিশ তদন্ত করতে গিয়ে এজাহারে লিখিত কিছু ঘটনার সঙ্গে অসংলগ্নতা দেখতে পান। তদন্তের একপর্যায়ে পুলিশ শামসুদ্দিনের স্ত্রী নিহত মোহনার মা হেলেনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ঘটনার দিন সন্ধ্যায় গ্রামের নজরুল ইসলাম খানসহ কয়েকজন তাঁর স্বামীর সঙ্গে ফিসফিস করে কথা বলেন এবং তাঁদেরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।হেলেনা আক্তারের জবানবন্দি নেওয়ার পর নজরুল ইসলাম খানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম খান পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। গত ২৮ এপ্রিল নজরুল ইসলাম খান কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আলী আহসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।জবানবন্দিতে নজরুল ইসলাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডে মোহনার বাবা শামসুদ্দিন, বোন ববিতা আক্তার, গ্রামের শহীদ মিয়া, আফজাল ও মোবারক অংশ নেন। তিনি আরও জানান, ভুনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোতালেব মিয়া ওরফে কাজল মাস্টার ও তাঁর পরিবারের লোকজনের সম্পত্তি আত্মসাতের জন্য তাঁদেরকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যা করা হয়। পরে এ ব্যাপারে কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল ইসলাম বাদী হয়ে নিহত মোহনার বাবা, বোনসহ তিন সহযোগীকে আসামি করে কটিয়াদী থানায় নতুন করে একটি হত্যা মামলা দায়ের করেন।আবদুল মোতালেব ওরফে কাজল মাস্টার জানান, ‘সম্পত্তি আত্মসাতের জন্য নিজের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করল। সত্যের মৃত্যু নেই। নির্দোষ একটি নাবালিকা মেয়েকে নৃশংসভাবে বাবা খুন করতে পারে? এই হত্যাকাণ্ডের বিচার আমিসহ সারা গ্রামের মানুষ চায়।’মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিপক্ষকে ফাঁসাতেই বাবা-মেয়ে সহযোগীদের নিয়ে মোহনাকে হত্যা করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ জানান, পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা পুলিশের জন্য একটি ভালো উদাহরণ।