প্রতিপক্ষকে হাফিজের সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে প্রথম ম্যান অব দ্য ম্যাচ, মোহাম্মদ হাফিজ খুব খুশি। তবে হাফিজের চেয়েও যেন বেশি খুশি ওয়াকার ইউনুস! এই বিশ্বকাপে দলের দুর্দান্ত পারফরম্যান্সের আড়ালে পাকিস্তান কোচের গলায় কাঁটা হয়ে বিধঁছিল একটা অস্বস্তি—ওপেনিং জুটি।ওপেনিং জুটি দলকে ভালো শুরু এনে দিতে পারছিল না। ১১, ২৮, ১৬, ৫ ও ১৭—গ্রুপ পর্বের প্রথম ৫ ম্যাচে পাকিস্তানের ওপেনিং জুটির অবদান। অস্ট্রেলিয়া ম্যাচে আহমেদ শেহজাদকে বদলেও কোনো লাভ হয়নি। হাফিজ প্রথম আউট হওয়ায় এ ম্যাচেও ১২ রানেই থেমে যায় পাকিস্তানের ওপেনিং জুটি। অবশেষে পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এসে সেই অস্বস্তির কাঁটাটা যেন তুলে ফেললেন পাকিস্তানের কোচ।যদিও ম্যাচসেরার পুরস্কার প্রাপ্তিতে বোলার হাফিজের ভূমিকাই বেশি। উমর গুলের সঙ্গে শুরুতেই বোলিং করতে এসে ২ উইকেট তুলে গোড়াতেই ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা দিতে বড় অবদান তাঁর। নিজের তৃতীয় ওভারেই ফিরিয়ে দেন ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভোকে। শুরুর ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ১১২ রানে অলআউট।কোচ ওয়াকারের স্বস্তি, ১১৩ রানের জয়ের লক্ষ্যটা উদ্বোধনী জুটিতেই টপকে যাওয়া গেছে। এখানেও হাফিজ উজ্জ্বল। ১১৩ রানের উদ্বোধনী জুটির ৬১ রানই তাঁর। কামরান আকমলের অবদান ৪৭। তৃপ্ত ওয়াকার বলেছেন, ‘এই টুর্নামেন্টে ওপেনিং জুটিতে আমাদের ধুকতে হচ্ছিল। এটা দেখাটা আনন্দের যে, তারা রান পেয়েছে। এটা সামনের ম্যাচগুলোয় আমাদের সাহায্য করবে।’ পুরস্কার হাতে হাফিজ বললেন, ‘আগের দুই দিনের কঠোর পরিশ্রমটা আমার কাজে লেগেছে। কোচ আমাকে দুই দিন আগেই বলেছিলেন, আমাকে নতুন বল হাতে নিতে হতে পারে। নেটে আমি নতুন বলে বোলিং করেছি। আমি শুধু লেন্থ ও লাইন অনুযায়ী বল করেছি এবং এটাই কাজে লেগেছে। ঠিক সময়ে আমি ব্যাটিং ফর্মটাও ফিরে পেলাম। আশা করছি, ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’প্রতিভাবান তকমাটা অনেক আগে থেকেই হাফিজের গায়ে। কিন্তু সেই প্রতিভা ব্যাটে-বলে অনুবাদ খুব কমই করতে পেরেছেন তিনি। পাকিস্তান ক্রিকেটের মতোই উত্থান-পতন হাফিজের ক্যারিয়ারে। পারফরম্যান্সে এই রোদ তো এই মেঘ। পারফরম্যান্সের ঝিলিক দেখিয়ে যেমন বারবার দলে জায়গা করে নিয়েছেন, প্রত্যাশাকে মাটি চাপা দিয়ে ছিটকেও পড়েছেন বারবার। যে কারণে ২০০৩ সালে অভিষেকের পর এখনো তাঁর ক্যারিয়ার আটকে আছে মাত্র ১৫টি টেস্ট আর ৭১টি ওয়ানডেতে।২০০৩ সালে অভিষেকের বছরই খেলেন ২২টি ওয়ানডে। কিন্তু বছরের শেষ দিকে দল থেকে ছিটকে পড়ে যেন হারিয়ে যান! প্রায় দেড় বছর পর ফেরেন ২০০৫ সালে। কিন্তু মাত্র ৮ ম্যাচ খেলেই আবার আউট। পরের বছর খেলেন ১২টি ওয়ানডে। ২০০৭ সালে আচমকাই দলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে আগে। ভাগ্য তাঁকে নিয়ে যায় বিশ্বকাপেও। কিন্তু প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় পাকিস্তান। দলের মতোই ব্যর্থ হাফিজ। ২০১০ থেকে অনেকটাই নিয়মিত।বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরেই ওয়ানডে সিরিজে পান সেঞ্চুরি। কিন্তু বিশ্বকাপে এসেই যেন কী হয়ে যায়! ৯, ৩২, ১১, ৫, ৪৯, ৫—নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। বল হাতে দলের প্রয়োজন মেটাতে না পারলে হয়তো আহমেদ শেহজাদের ভাগ্যই বরণ করতে হতো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্যাটিং-বোলিং—দুটোতেই আলো ছড়ালেন হাফিজ। ১০ ওভার বোলিং করে মাত্র ১৬ রান খরচায় ২ উইকেট, সঙ্গে ১০ চারে ৬৪ বলে অপরাজিত ৬১ রান। তাঁকে একাদশে রেখে দিয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট যে ভুল করেনি, সমালোচকেরা এখন তো সেটা বুঝলেনই।