চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একপক্ষের হামলায় আরেক পক্ষের তিনজন আহতের ঘটনায় আজ শনিবার তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কর্মীরা হলেন—লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র স্বাধীন ও নিশান এবং নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জেসি। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল বিকেলে চট্টগ্রাম সেনানিবাস রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ভিত্তিক ‘একাকার’ সংগঠনের ছাত্রলীগের কর্মীদের ওপর ‘ড্রিম বয়েজ’ নামের আরেক সংগঠনের ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। উভয় পক্ষই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাসিরের সমর্থক। হামলায় ‘একাকার’-এর সদস্য ছাত্রলীগ কর্মী কাজী মোহাম্মদ তানজীম হোসেন, রিফাত বিন সাদিক ও মোহাম্মদ জুবায়ের আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুদ্দিন খালেদ বাদী হয়ে প্রতিপক্ষের ১৮ জানের বিরুদ্ধে মামলা করে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তিন ছাত্রলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্বাধীন, নিশান ও জেসিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে হাটাজারী থানায় রাখা হয়েছে। এঁরা ‘ড্রিম বয়েজ’সংগঠনের।