প্রতিপক্ষের হামলায় গোয়েন্দা কর্মকর্তা নিহত
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুর রাজ্জাক (৫০) নামের গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আবদুর রাজ্জাক নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই জমি-জমা নিয়ে উপজেলার বড় পাচুরিয়া গ্রামের আবদুর রাজ্জাকের সঙ্গে পার্শ্ববর্তী চাঁদমৃগী গ্রামের হাশেম আলী মণ্ডলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকাল নয়টার দিকে হাশেম আলীর একদল সন্ত্রাসী আবদুর রাজ্জাকের ওপর হামলা চালায়। এতে তিনিসহ চারজন গুরুতর আহত হন। তাঁদেরকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুর রাজ্জাক মারা যান।আহতেরা হলেন—গোলাম নবী, জাহিদুল ইসলাম ও শাজাহান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাশেম আলী মণ্ডলের বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থলে অবস্থান করছিলেন। তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, আর যাতে কোনো সংঘাত না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।