প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ফরদাবাদ ইউনিয়নে চরলহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরলহনিয়া গ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ফারুক বেলা ১১টায় বাড়ি থেকে গণসংযোগের জন্য বের হলে প্রতিপক্ষ আবদুল আজিজের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকেরা হামলা চালান। এতে এমদাদুল হকসহ ছয়জন আহত হন। আহত অন্যরা হলেন খোরশেদ মিয়া (৬০), রিকু (৩০), বাবুল মিয়া (৩৮), ইব্রাহীম মিয়া (২২), মো. রাকিবুল (২৫)। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন।এমদাদুল হক অভিযোগ করে বলেন, ‘আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩০ এপ্রিল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছিলাম। থানা থেকে ব্যবস্থা নিলে আমার ওপর হামলা হতো না। আবদুল আজিজ আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন, আজ আবার আমার এবং আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নেতৃত্বে হামলা হয়েছে, এটা ভিত্তিহীন। তারা নিজেরাই মারামারি করে আমার ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। তা ছাড়া ঘটনার সময় আমি উপজেলা সদরে অবস্থান করছিলাম।’বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান তালুকদার এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, হাতাহাতির সামান্য ঘটনা ঘটেছে। এতে দু-তিনজন সামান্য আহত হয়েছেন, পরিস্থিতি এখন শান্ত।