প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের নেতার বাবা নিহত
সিলেটের বালাগঞ্জ উপজেলার ইলাশপুর বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নেফুর মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দলের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আরবউল্লাহ (৬৫)। তিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক সাইফুর রহমানের বাবা বলে জানা গেছে।আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেফুর মিয়ার সঙ্গে সাইফুরদের অনেক দিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সন্ধ্যা সাতটার দিকে ইলাশপুর বাজারে এ নিয়ে তাঁদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে সাড়ে সাতটার দিকে নেফুর মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে সাইফুরের বাবা আরবউল্লাহর ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী আরবউল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আরবউল্লাহর মারা যান। লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।