প্রতিপক্ষের হামলায় রাজধানীর কাঁটাবনে তিন প্রাণী ব্যবসায়ী আহত
রাজধানীর কাঁটাবন এলাকার বিশ্ববিদ্যালয় মার্কেটে আজ রোববার প্রতিপক্ষের হাতে তিনজন পোষা প্রাণী বিক্রেতা আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। পুুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে কাঁটাবন মার্কেটের সাবেক কয়েকজন পোষা প্রাণী ব্যবসায়ী মার্কেটের দোতলায় সমিতি কার্যালয়ে গিয়ে তাঁদের ভোটার করার জন্য চাপ সৃষ্টি করেন। কার্যালয়ে উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্যেরা তাঁদের ভোটার করতে রাজি না হলে সাবেক ব্যবসায়ীরা চেয়ার দিয়ে আহ্বায়ক কমিটির সদস্যদের পেটাতে উদ্যত হন। এ সময় আহ্বায়ক কমিটির সদস্যদের চিত্কারে কাঁটাবন মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে গেলে সাবেক ব্যবসায়ীরা পোষা প্রাণী বিক্রেতা আবদুল কাইয়ুমকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। তাঁকে বাঁচাতে গেলে মার্কেটের ব্যবসায়ী নূরে আলম ও জুয়েলকে পিটিয়ে আহত করা হয়। পোষা প্রাণী বিক্রেতা নূরে আলম প্রথম আলোকে জানান, ৬ মার্চ কাঁটাবন মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচন। আজ দুপুরে সাবেক ব্যবসায়ী শাহিনুরের নেতৃত্বে সাবেক ব্যবসায়ীরা তাঁদের অবৈধভাবে ভোটার করতে সমিতির কর্মকর্তাদের চাপ দিলে তাঁরা রাজি হননি। শাহিনুরের সহযোগীদের সঙ্গে তাঁর অনুসারী মার্কেটের কয়েকজন ব্যবসায়ী হামলায় অংশ নেন। মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছার আগে শাহিনুর বাহিনী তাদের তিন ব্যবসায়ীকে মারধর করে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে তাঁরা শাহিনুরকে আসামি করে থানায় মামলা করবেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সমিতির নির্বাচন নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আহত ব্যক্তিদের পক্ষ থেকে কেউ থানায় মামলা করতে আসেনি।