প্রতিবছর শতাধিক বাঘ হত্যা
অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ ব্যবসার কারণে গত এক দশকে চোরা শিকারিদের হাতে এক হাজারের বেশি বাঘের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতিবছর শতাধিক বাঘ হত্যা করা হচ্ছে। সংরক্ষণবিষয়ক সংগঠন ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’-এর (ডব্লিউডব্লিউএফ) সহায়তায় যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিক ইন্টারন্যাশনালের একটি সমীক্ষার ফলাফলে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রাফিক ইন্টারন্যাশনাল বন্য প্রাণী নিয়ে ব্যবসা পর্যবেক্ষণ করে থাকে।বাঘের বিচরণ রয়েছে এমন ১৩টি দেশের ১১টিতে ওই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে, বাঘের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ চাহিদা মেটানোর জন্য গত এক দশকে এক হাজার ৬৯ থেকে এক হাজার ২২০টি বাঘ হত্যা করা হয়েছে। বাঘের চামড়া দিয়ে গৃহসজ্জা ও শৌখিন পণ্য তৈরির কাজ হয়। হাড় ও বিভিন্ন প্রত্যঙ্গ দিয়ে তৈরি হয় কিছু প্রথাগত চিকিৎসা-পদ্ধতির ওষুধ।সমীক্ষায় দেখা গেছে, এই সময়কালে বাঘের অঙ্গপ্রত্যঙ্গের আটক হওয়া ৪৮১টি চালানের মধ্যে ২৭৫টিই ভারতে ধরা পড়ে। আটক করা অঙ্গপ্রত্যঙ্গ বিশ্লেষণ করে ধরা হয়, এর জন্য ৪৬৯ থেকে ৫৩৩টি বাঘ হত্যা করা হয়েছে। এ ছাড়া চীনে ৪০টি এবং নেপালে ৩৯টি চালান আটক করা হয়। আটক এসব অঙ্গপ্রত্যঙ্গের হিসাব অনুযায়ী, ২৫৪টি বাঘ হত্যা করা হয়েছে।ট্রাফিক ইন্টারন্যাশনাল ও ডব্লিউডব্লিউএফের যৌথভাবে পরিচালিত ‘টাইগার ট্রেড প্রোগ্রাম’-এর ব্যবস্থাপক পলিন ভারহেজি বলেন, বেশিসংখ্যক চালান আটক হওয়ার ঘটনা বাঘের চোরা শিকার অব্যাহত থাকা এবং ধরপাকড়ে সাফল্য কিংবা দুটোই বোঝায়।ট্রাফিক ইন্টারন্যাশনাল জানায়, বাঘ হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার পরও এই ব্যবসা প্রায় আগের মতোই চলছে।গত শতাব্দীতে বিশ্বে বাঘের সংখ্যা এক লাখ থেকে কমে মাত্র প্রায় সাড়ে তিন হাজারে নেমে এসেছে। ১৯৮৭ সালে বিলুপ্তির সম্মুখীন অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে বাঘ কিংবা বাঘের অঙ্গপ্রত্যঙ্গের ব্যবসা নিষিদ্ধ করা হয়।ডব্লিউডব্লিউএফের টাইগার অ্যালাইভ প্রকল্পের উদ্যোক্তা মাইক ব্যাল্টজার বলেন, শুধু বাঘের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ চালান আটক করলেই চলবে না। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে বিচারের মুখোমুখি করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তবে ট্রাফিকের নির্বাহী পরিচালক স্টিভেন ব্রড মনে করেন, শুধু আইন কার্যকরই বাঘ বাঁচাতে যথেষ্ট নয়, প্রয়োজন এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে বাঘের প্রত্যঙ্গের চাহিদা শূন্যে নামিয়ে আনা।সমীক্ষায় বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীলদের মধ্যে রাজনৈতিক সদিচ্ছার অভাব বাঘ সংরক্ষণের ক্ষেত্রে একটি বড় বাধা।২০০৯ সালে বিশ্বব্যাংকের প্রধান রবার্ট জোয়েলিক বলেছিলেন, টাকার অঙ্কে বিশ্বে বন্য প্রাণীকেন্দ্রিক অবৈধ ব্যবসার পরিমাণ বছরে প্রায় এক হাজার কোটি ডলার, যা মাদক ও অস্ত্রের পর তৃতীয়। বিবিসি ও রয়টার্স।