প্রতিবন্ধকতা চিহ্নিত ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিন্ন ঘোষণা গ্রহণ করার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীতে শেষ হয়েছে নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। ঘোষণাপত্রে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে লিঙ্গভিত্তিক সাম্যের প্রতিবন্ধকতা চিহ্নিত করা, নারীবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা, ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরিতে উদ্যোগ গ্রহণ এবং দক্ষিণ এশিয়াজুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সমাপনী পর্বে বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সমতাকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। সমাজে পরিবর্তন আনার জন্য নিয়মিত প্রচার চালিয়ে যেতে হবে। এ ছাড়া দক্ষিণ এশীয় অঞ্চলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটি আঞ্চলিক মোর্চা গঠন করা প্রয়োজন।বাংলাদেশ জাতীয় সংসদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের ‘ইমপ্রুভিং ডেমোক্রেসি থ্রু পার্লামেন্টারি ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্প তিন দিনের এ এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নারী সাংসদ, জেন্ডার বিশেষজ্ঞ, নারীনেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।সমাপনী পর্বের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বাংলাদেশে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কোটা পদ্ধতি আছে। সর্বশেষ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা পাঁচটি বাড়ানোর ফলে এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বেড়েছে।সম্মেলনের এ পর্বে সাংসদ রাশেদা বেগম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার লিখিত বক্তব্য পড়ে শোনান।সম্মানিত অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে সংখ্যাগত ও গুণগত—দুটো দিককেই গুরুত্ব দিতে হবে। লিঙ্গভিত্তিক সমতাকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর জোর দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার। আন্তর্জাতিক সংগঠন অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের ভেতরেও সচেতনতা তৈরি করতে হবে।