প্রতিবন্ধী ধর্ষিতার আর্তনাদ ও প্রমাণের ভার
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সবুজ-শ্যামলে ঘেরা মুজাহাটি গ্রাম। এখানে পরিবার নিয়ে বসবাস করেন বৃদ্ধ দিনমজুর মহব্বত আলী গাজী। একার আয়ে সংসার চলে না বলে দরিদ্র বাবা বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়ে রহিমা খাতুন ওরফে জেসমিনকে (১৬) বিত্তবানের বাড়িতে গৃহপরিচারিকার কাজে দেন। প্রতিবেশী বিত্তবানের বাড়িতে অভাবী বাবা প্রতিবন্ধী মেয়েকে কাজে দিয়েছিলেন মেয়ের খাদ্যের নিরাপত্তার জন্য। হতদরিদ্র বাবা জানতেন না যে ওই বাড়িতে মানুষরূপী এক নরপশু ছিল, যার বিকৃত লালসার শিকার প্রতিবন্ধী জেসমিন।সদ্য বয়ঃসন্ধিকাল পার করা জেসমিন সেই বয়স অতিক্রম করছিল, যে বয়সে আবহমান বাংলার মেয়েরা স্বপ্ন দেখে একটি সুন্দর জীবনের। শাশ্বত এই স্বপ্ন জেসমিনেরও ছিল। অপরিণত বয়সী এই মেয়েদের আবেগকে ব্যবহার করে সহজেই তাদের সঙ্গে প্রতারণা করা যায়। প্রতারণা করা সহজ বলেই সমাজবিজ্ঞানী ও আইনজ্ঞরাও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী মেয়েদের সঙ্গে তাদের সম্মতি সাপেক্ষে যৌন সম্পর্ক স্থাপনকেও শাস্তিযোগ্য ধর্ষণ অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার দাবি জানিয়ে আসছেন।শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় সমাজের এই বর্বর শ্রেণীর বর্বরতা সম্পর্কে ধারণা পাওয়া জেসমিনের পক্ষে কঠিন। আবার প্রচলিত আইনে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করার দায়টিও যে ধর্ষিতার কাঁধে। ধর্ষণকারীর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকলেও Benefit of Doubt (সন্দেহের সুবিধা) নিয়ে বীরদর্পে বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসে অভিযুক্ত ধর্ষক। এ ক্ষেত্রে অভিযোগকারী বাক ও শ্রবণপ্রতিবন্ধী। বলতে ও শোনাতে না পারায় জেসমিনের পক্ষে তার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের ঘটনা বর্ণনা করা অসম্ভব। আমাদের সমাজের বাস্তবতায় হতভাগ্য নারীর পক্ষে পুঙ্খানুপুঙ্খভাবে এ ধরনের ঘটনার বর্ণনা করা সংগত কারণেই সম্ভব হয়ে ওঠে না।চতুর অপরাধী তার বিকৃত বাসনা চরিতার্থ করার জন্য নিরাপদ শিকার হিসেবে বেছে নিয়েছে প্রকৃতির বৈরী আচরণের শিকার এই অসহায় মেয়েটিকে। এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে বিয়ের প্রলোভন ও নিরাপদ জীবনের স্বপ্ন দেখিয়ে গৃহকর্তার ছেলে প্রতিবন্ধী জেসমিনকে দিনের পর দিন সম্ভোগ করে। এরই একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রতিবন্ধী মেয়েটি।পরে এই অমানবিক ঘটনা জানাজানি হওয়ায় ধর্ষকেরা জেসমিনকে ২০০৯ সালের ৭ মে অপহরণ করে এবং অন্তঃসত্ত্বা জেসমিনের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাত ঘটায়। অপহূত মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে দিশেহারা বাবা কালীগঞ্জ থানায় ধর্ষকের বাবা, চাচা ও অপর তিন ব্যক্তির নামে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর অধীনে ৭/৯(১)/৩০ ধারায় ধর্ষণ, অপহরণ ও ওই ধরনের অপরাধে সহযোগিতা করার অপরাধে মামলা করেন।দোর্দণ্ডপ্রতাপশালীর পেশিশক্তি, অর্থ, কূটচাল ও অপকৌশলের তোপে পড়ে যখন এই জঘন্য ঘটনা চাপা পড়ে যাচ্ছিল, তখন দারিদ্র্য, নারীত্ব ও প্রতিবন্ধিত্বের ত্রিমুখী আক্রমণে সবহারা প্রতিবন্ধী কিশোরী জেসমিন ও তার পরিবারের পাশে এসে দাঁড়ায় ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস অরগানাইজেশনসের (ন্যাডপো) সাতক্ষীরা অঞ্চলের সদস্য সংগঠন প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি।আঞ্চলিক পর্যায়ে এই ধর্ষণের ঘটনা ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করে। স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের অব্যাহত চাপের মুখে পরবর্তী সময়ে ২০০৯ সালের ২০ মে জেসমিনকে চম্পাফুল ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয় এবং মেডিকেল চেকআপ করে গর্ভপাতসহ অন্যান্য অভিযোগের আলামত সংগ্রহ করা হয়। মামলা দায়েরের দুই মাস পর তদন্তে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়।বর্তমানে মামলাটি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। মামলাটির এখন সাক্ষ্য পর্যায় শুরু হয়েছে। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের পর মামলার রায় হবে। মামলার এজাহার দায়ের থেকে শুরু করে চার্জ গঠন পর্যন্ত সময়ে মামলার গুণগত মান নষ্ট করার জন্য আসামিরা আদালত ও আদালতের বাইরে আইনি ও বেআইনি সব প্রচেষ্টাই চালিয়েছে এবং অপতৎপরতা অব্যাহত রয়েছে। আসামিদের অপচেষ্টা এখন পর্যন্ত মামলাটির মারাত্মক ক্ষতি করতে না পারলেও আইনের জটিল পথ পেরিয়ে এই প্রতিবন্ধী মেয়ের ন্যায়বিচার কতটা নিশ্চিত করা যাবে, সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।প্রভাবশালী বিত্তবান প্রতিপক্ষের সঙ্গে প্রতিবন্ধী জেসমিন কত দিন টিকতে পারবে, তা বলা মুশকিল। তবে ধর্ষণ অপরাধ বিচারের জন্য আমাদের দেশে যে বিচারিক ও আইনি কাঠামো বিদ্যমান, তাতে লুণ্ঠিত, সবহারা, দরিদ্র ও প্রতিবন্ধী জেসমিনদের জন্য সুখকর খবর খুব কমই রচিত হয়। দেশের আদালতগুলোতে ন্যায়বিচার না পাওয়ার কষ্টে আর কত বাক ও শ্রবণপ্রতিবন্ধী ধর্ষিত নারীকে দীর্ঘশ্বাস ফেলতে হবে? অর্থবিত্ত আর দুর্বৃত্তায়নের ফাঁদে পড়ে একইভাবে কি লাঞ্ছিত হবে জেসমিনের ন্যায়বিচার? একবিংশ শতাব্দীর সুসভ্য সমাজে জেসমিনের ন্যায়বিচার প্রাপ্তি আমাদের সবার প্রত্যাশা। জেসমিন হয়তো বা এই অর্থে ভাগ্যবতী যে সে তার বিরুদ্ধে কৃত অপরাধের বিচারের জন্য আদালত পর্যন্ত আসতে পেরেছে কিংবা এখন পর্যন্ত তার মামলাটি খারিজ হয়ে যায়নি। কিন্তু কজন জেসমিনের ন্যায়বিচার এভাবে আন্দোলন করে ও মামলার আষ্টেপৃষ্ঠে লেগে থেকে নিশ্চিত করা যাবে? এ অবস্থায় অন্তত ধর্ষণ অপরাধ প্রমাণে বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীর অনুকূলে আইনি সংস্কার করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই সংস্কার হতে পারে অপরাধ প্রমাণের দায় ধর্ষিতার কাঁধ থেকে সরিয়ে ধর্ষকের ওপর স্থানান্তর করা, অর্থাৎ ধর্ষককেই প্রমাণ করতে হবে যে সে নিরপরাধ! বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েদের সম্ভ্রমের নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, আইনি সংস্কার করে বদলে দেওয়া হোক জেসমিনদের কষ্টের জীবন।লেখক আইনজীবী ও মানবাধিকারকর্মী