প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের তথ্য সংগ্রহ জুনে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুন মাসের মধ্যে সারা দেশে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষ হবে। এ জরিপের মাধ্যমে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা জানা যাবে এবং প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নিরূপণ করে তাদের জন্য প্রয়োজনীয় চিকিত্সা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে। আজ সোমবার সমাজসেবা অধিদপ্তরে সারা দেশে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই জরিপের উদ্যোগ নিয়েছে। জরিপ পরিচালনার আগে দেশের ১৫৯টি ইউনিয়ন ও পৌরসভায় পাইলট ভিত্তিতে জরিপ পরিচালনা করা হয়।তিন হাজার ৫৩৮ জন ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক ও ফিল্ড সুপারভাইজার, ৬১৩ জন চিকিত্সক ও বিশেষজ্ঞ এবং ৫৫০ জন ডেটা এন্ট্রি অপারেটর জরিপ পরিচালনা করবেন। আজ মাস্টার প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে জরিপ কর্মসূচিটি উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, দেশে বিগত চার বছরে প্রতিবন্ধিতা বিষয়ে বিপ্লব ঘটে গেছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য যা করেছে, গত ৪০ বছরেও তা হয়নি। প্রতিমন্ত্রী বলেন, জরিপের ফলাফলের ওপর দেশের প্রতিবন্ধী মানুষের জন্য সমন্বিত জাতীয় কার্যক্রম গ্রহণ করা হবে। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক নাছিমা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর বক্তব্য দেন।