প্রতিবন্ধী সন্তানের সামনে মা খুন, স্বামী গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে বাসায় ঢুকে গত শুক্রবার বিকেলে গৃহবধূ সুমা আক্তারকে (৩৮) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর প্রতিবন্ধী সন্তান ওই কক্ষে ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুমার স্বামী মাহফুজুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খিলগাঁও থানার পুলিশ জানায়, দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ১১১ নম্বর বাসার নিচতলায় সুমা তাঁর প্রতিবন্ধী ছেলে নকিবকে (১৮) নিয়ে থাকতেন। শুক্রবার বিকেলে ডিশলাইন মেরামতের কথা বলে তিন যুবক বাসায় ঢোকে। তারা নকিবের সামনে গলায় নাইলনের রশি পেঁচিয়ে সুমাকে হত্যা করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে বাড়ির মালিক নাদিরা খন্দকার ওই বাসায় গিয়ে দেখেন, হাত-পা বাঁধা অবস্থায় ওই বাসার গৃহকর্মী জেসমিন পড়ে আছেন। পাশের কক্ষে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় পড়ে আছে সুমার নিথর দেহ। বিষয়টি জানানো হলে সুমার স্বামী মাহফুজ বাসায় আসেন। পরে পুলিশ সুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সুমার ভাই মোশারফ হোসেন শুক্রবার রাতে বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়। তবে মামলার অভিযোগে মাহফুজ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হয়। পুলিশ মাহফুজ ও গৃহকর্মী জেসমিনকে আটক করেছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, ওই বাসা থেকে কিছু খোয়া যায়নি। সুতরাং এটি ডাকাতির ঘটনা নয়। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, তা তদন্তের আগে বলা সম্ভব নয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, সুমার স্বামী মাহফুজকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মাহফুজ প্রাথমিকভাবে পুলিশকে জানান, কর্মস্থল থেকে ফেরার পর তিনি বাসার মালপত্র তছনছ দেখেছেন। তবে কোনো কিছু খোয়া যায়নি। কর্মকর্তা জানান, গৃহকর্মী জেসমিনের কথাবার্তাও সন্দেহজনক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশের কাছে দাবি করেন, ঘটনার সময় তিনি বাথরুমে ছিলেন। সেখান থেকে বের হলে তিন যুবক হাত-পা বেঁধে তাঁকে পাশের কক্ষে ফেলে রাখে। ওই যুবকদের তিনি চেনেন।মামলার বাদী মোশারফ অভিযোগ করেন, মাহফুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁরাই তাঁর চাকরির ব্যবস্থা করে দেন। এর আগে মাহফুজ এক সহকর্মীর কাছ থেকে সংসার চালাতে তিন লাখ টাকা ঋণ করেছেন দাবি করে ওই ব্যক্তির সঙ্গে তাঁদের ফোনে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি টাকা পরিশোধ করতে হুমকি দেন। বোনের সুখের কথা চিন্তা করে তাঁরা তিন লাখ টাকা দেন। পরে তাঁরা বুঝতে পারেন, টাকা আত্মসাৎ করতেই মাহফুজ তাঁর সহযোগীদের দিয়ে নাটক সাজিয়েছিলেন।