প্রতিবন্ধীদের অধিকার রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীদের জীবনের শুরু থেকে বৈষম্য ও অবজ্ঞাপূর্ণ অভিজ্ঞতার মোকাবিলা করতে হয়। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১২ উদ্বোধনকালে এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধী মানুষের বিশেষ চাহিদা আছে। তাদের বিশেষ এ চাহিদা পূরণে সবাইকে আন্তরিক হতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।