প্রতিবন্ধীদের অধিকারের জন্য আর কত অপেক্ষা
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে করুণা ও দয়ার পাত্র। তাঁদের অধিকার প্রতিষ্ঠার চেয়ে কল্যাণমূলক কোনো কাজ করে দিতে পারলেই অপ্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের ধন্য মনে করেন। এ ধরনের মানসিকতাতেই ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ আলোর মুখ দেখে। প্রতিবন্ধীদের জন্য অধিকারভিত্তিক আইন তৈরির আন্দোলনও শুরু হয় তখন থেকেই। তবে তিন বছর ধরে কল্যাণের পরিবর্তে প্রতিবন্ধীদের জন্য অধিকারভিত্তিক আইন তৈরির প্রক্রিয়া চলছে। বর্তমানে নতুন আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যাচাইবাছাই চলছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর মতে, এ আইনের জন্য আরও কত অপেক্ষা করতে হবে তা কেউ জানে না। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী কল্যাণ আইন যুগোপযোগী ও বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিবন্ধী ব্যক্তিদের মতে, ২০০১ সালের আইনের আওতায় আজ পর্যন্ত কোনো প্রতিবন্ধী ব্যক্তি সুবিচার পাওয়ার আশায় আদালতের আশ্রয় নিয়েছেন, এর নজির নেই। আইনটি কমিটিনির্ভর এবং এটি একটি কাগুজে আইন। আইনটিতে জবাবদিহিরও কোনো জায়গা রাখা হয়নি। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যাতায়াতের সুবিধা, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তাসহ সংবিধানস্বীকৃত অধিকারসমূহ প্রতিবন্ধী কল্যাণ আইনের কোনো ধারায় স্থান না পেয়ে তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার ফলে গুরুত্ব পায়নি। এ আইনে সবচেয়ে গুরুত্ব পেয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে গঠিত তিন স্তরের কমিটিগুলোর কথা। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম প্রথম আলোকে বলেন, বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকারভিত্তিক আইনের খসড়ায় একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। এতে প্রতিবন্ধীদের জন্য করা হবে না—বলে বলা হয়েছে করতে হবে। অর্থাৎ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া এবার আইনে জবাবদিহিরও ব্যবস্থা রাখা হয়েছে। মানসিক স্বাস্থ্যের বিষয়টি আগের আইনে ছিল না, তা এবার যুক্ত করা হয়েছে।অন্যদিকে দি ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিইআরডিও) নির্বাহী পরিচালক দৃষ্টিপ্রতিবন্ধী সাইদুল হক প্রথম আলোকে বলেন, ২০০১ সালের আইনটি সম্পর্কে এখনো অনেকেই জানে না। কাজের জন্য গেলে আগে প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে বলতে হয়। সচিবালয়ে প্রতিবন্ধীদের জন্য একটি লিফট সংরক্ষণ করা আছে। সে লিফটে আগে উঠতে চাইলে অন্যরা জানতে চায়, কেন সবার আগে উঠছি। অর্থাৎ আইনটি সম্পর্কে সচেতনতা নেই। এ ছাড়া নতুন একটি আইন হবে, কিন্তু যত দিন না হচ্ছে তত দিন বিদ্যমান আইনের বাস্তবায়ন প্রয়োজন। এখন আইনটির কার্যকারিতা নেই কোথাও।সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে বাংলাদেশে প্রায় এক কোটি ৫০ লাখ প্রতিবন্ধী রয়েছেন।২০০১ সালে প্রতিবন্ধী কল্যাণ আইনের আলোকে ২০০২ সালে প্রতিবন্ধীবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হয়, যা প্রতিবন্ধী কল্যাণ সমন্বয় কমিটি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর অনুমোদন করে। আর প্রতিবন্ধী কল্যাণ আইনের অধীনে বিধি প্রণয়ন করা হয় ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ আইনটি প্রণয়নের প্রায় সাত বছর পর।নতুন আইন হচ্ছে জাতিসংঘ সনদের আলোকে: ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬১তম বৈঠকে গৃহীত হয় প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদ বা সিআরপিডি। এই সনদ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষার পাশাপাশি দেশের সামগ্রিক সামাজিক উন্নয়ন নিশ্চিত করার একটি যুগোপযোগী দিকনির্দেশনা। সনদে প্রতিবন্ধী ব্যক্তিদের মানববৈচিত্র্যের অংশ হিসেবে উল্লেখ করে তাদের মর্যাদার বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সনদে প্রতিবন্ধীদের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সমাজে বিদ্যমান প্রতিবন্ধক পরিবেশ দূর করার কথা বলা হয়েছে। সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সকল সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।সরকার ২০০৭ সালের মে মাসে ৯১তম রাষ্ট্র হিসেবে সনদটি স্বাক্ষর করে এবং জাতিসংঘের অষ্টম সদস্যরাষ্ট্র হিসেবে সনদটি অনুসমর্থন করে। সর্বশেষ ২০০৮ সালের মে মাসে সনদের ঐচ্ছিক প্রতিপালনীয় বিধিবিধান অনুসমর্থন করে সনদটি পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকার করে।জাতিসংঘ সনদের ধারা-৪-এর (সাধারণ বাধ্যবাধকতা) উপধারা ক এবং খ-তে সনদে স্বীকৃত অধিকারসমূহ বাস্তবায়নে শরিক রাষ্ট্র আইনগত, প্রশাসনিক ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যমূলক সকল আইন, কার্যপ্রণালি, প্রথা ও চর্চার সংস্কার অথবা বিলুপ্তির জন্য বিধান প্রণয়ন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সনদের আলোকে বর্তমানে নতুন আইনের খসড়াটি করা হয়েছে। তিন বছরের কার্যক্রম: ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতিসংঘ সনদের আলোকে আগের আইনের সংশোধন না নতুন আইন করা হবে, মন্ত্রণালয় সে-সংক্রান্ত কমিটি করে। কমিটি জাতীয় প্রতিবন্ধী ফোরামকে খসড়া প্রস্তাব তৈরির দায়িত্ব দেয়। তখন থেকেই বিভিন্ন মহল থেকে নতুন আইনের দাবি ওঠে। গত ২৬ এপ্রিল নতুন আইনের খসড়া আন্তমন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হয়। এ সভায় নতুন আইনের ‘প্রতিবন্ধী ব্যক্তি অধিকার আইন’ নামকরণ করা হয়। খসড়া চূড়ান্তকরণে একটি সাব-কমিটি গঠন করা হয়। গত মে মাস থেকে সাব-কমিটি কাজ শুরু করে। সাব-কমিটির প্রধান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে বলেন, ২০০১ সালের আইনের সংশোধন না নতুন আইন হবে, এ সিদ্ধান্ত নিতেই অনেক সময় লেগেছে। তবে আশা করা হচ্ছে, এখন আইনটি দ্রুত আলোর মুখ দেখবে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বিভিন্ন মহলের মতামত জানার জন্য খুব শিগগির আইনের খসড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে।