প্রতিবন্ধীদের চাকরির সুযোগ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রতিবন্ধীদের আরও চাকরির সুযোগ সৃষ্টির করার জন্য করপোরেট সেক্টর ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১১-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়াই। তাদের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করি। দেখবেন, তারাও সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবন্ধীদের চাহিদা একটু ভিন্ন। প্রতিবন্ধীদের এ চাহিদাকে অনেক চাকরিদাতা অক্ষমতা হিসেবে দেখেন। এটা দুঃখজনক। অথচ অন্যদের তুলনায় কাজের প্রতি প্রতিবন্ধীদের একাগ্রতা অনেক বেশি। প্রতিবন্ধীরা সুপ্ত প্রতিভা বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ ও যথাযথ মনোযোগ পেলে তারাও হতে পারবে দেশের যোগ্য নাগরিক।’তাঁর সরকার বিশেষায়িত শিক্ষক নিয়োগের মাধ্যমে সাধারণ স্কুলগুলোতে প্রত্যেক প্রতিবন্ধী শিশুর পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আগামী জুন-জুলাই মাসে গ্রিসে প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠেয় বিশেষ অলিম্পিকে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে টিম পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, মন্ত্রিপরিষদের সদস্যরা, সাংসদ, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রণজিত্ বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিল। বাসস।