প্রতিবন্ধীদের জন্য স্কিন রিডার সফটওয়্যার
দেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত স্কিন রিডার সফটওয়্যার ‘মঙ্গল দ্বীপ’ ও ‘সুবচন’ এবং ব্রেইল প্রিন্টার। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ওই দুটি সফটওয়্যার ও প্রিন্টারের উদ্বোধন করা হয়।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) ওই স্কিন রিডার সফটওয়্যার দুটি তৈরি করেছে। অন্যদিকে নিজ উদ্যোগে ব্রেইল প্রিন্টারটি তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। নিজস্ব প্রযুুক্তিতে তিনি ডটমেট্রিকক্স প্রিন্টারকে ব্রেইল প্রিন্টারে রূপান্তর করেন। একই সঙ্গে বাংলা ও ইংরেজি পড়তে সক্ষম মঙ্গল দ্বীপ ও সুবচন সফটওয়্যারের সাহায্যে দৃষ্টিপ্রতিবন্ধীরা যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সফটওয়্যার ও প্রিন্টারের উদ্বোধন করেন। এ সময় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালউদ্দীন, জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদবিষয়ক পরিবীক্ষণ কমিটির সদস্য মনসুর আহমেদ চৌধুরী, সাইটসেভারসের প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিপসের সভাপতি মোশাররফ হোসেন মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিপসের কোষাধ্যক্ষ এস এম আশিকুর রহমান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন। অন্যদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শহীদুর রহমান ও জহিরুল ইসলাম বক্তব্য দেন।