প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি অন্যতম বাধা। তিনি তাদের কল্যাণে এ ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১২ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীদের জীবনের শুরু থেকে বৈষম্য ও অবজ্ঞাপূর্ণ অভিজ্ঞতার মোকাবিলা করতে হয়। এ জন্য আমাদের এ ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গির অবশ্যই পরিবর্তন করতে হবে।’ প্রতিবন্ধিতা মানব বৈচিত্র্যেরই অংশ—মন্তব্য করে প্রধানমন্ত্রী তাদের চাহিদা পূরণ ও পুনর্বাসনে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট অব ডিজঅ্যাবলড পারসন্স, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিল ও প্রতিবন্ধীদের জন্য ন্যাশনাল ফোরামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সমাজকল্যাণ সচিব রণজিত কুমার বিশ্বাস ও প্রতিবন্ধীদের ন্যাশনাল ফোরামের সভাপতি রাজিব আলী খান।প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষ সমাজের অংশ এবং আমাদের পরিবারের সদস্য। ছোট-বড়, ধনী-গরিব, নারী-পুরুষ, প্রতিবন্ধী-অপ্রতিবন্ধী সবাই মিলেই সমাজ। প্রতিবন্ধী, অটিস্টিক সবাইকে নিয়ে একীভূত সমাজ গঠনের মাধ্যমেই বিশ্বের উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যে প্রতিটি পরিবার, সমাজ ও দেশকে সংঘবদ্ধভাবে উদ্যোগ নিতে হবে। এ নীতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। বাসস।