প্রতিবন্ধীদের বিষয়ে বাংলাদেশের নীতি প্রশংসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের সময় প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার নীতি প্রশংসিত হয়েছে। জাতিসংঘ প্রতিবন্ধীদের অধিকার সনদের তৃতীয় রাষ্ট্রপক্ষ সম্মেলনে বক্তারা তাঁদের বক্তব্যে এ প্রশংসা করেন। বক্তারা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য দুর্যোগব্যবস্থায় অধিকতর মনোযোগী হওয়া আন্তর্জাতিক মানবাধিকারের অন্যতম শর্ত। সীমিত সম্পদের দেশ হয়েও এ ক্ষেত্রে বাংলাদেশের কর্মকাণ্ড থেকে বিশ্ব সম্প্রদায়ের শিক্ষা নেওয়ার অবকাশ রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার থেকে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘের প্রতিবন্ধী অধিকারবিষয়ক কমিটির নির্বাচিত সদস্য মনসুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সরকারি নীতিমালায় প্রতিবন্ধীদের স্বার্থ-সংরক্ষণের উল্লেখ রয়েছে। পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার সরকারি নির্দেশও রয়েছে।মনসুর আহমেদ চৌধুরী আরও বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রতিবন্ধীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আইন সংশোধনের অঙ্গীকার করেছে। সে অনুযায়ী প্রতিবন্ধী-বান্ধব বিভিন্ন আইনের সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।উল্লেখ্য, জাতিসংঘ প্রণীত প্রতিবন্ধী অধিকার সনদ ইতিমধ্যে বিশ্বের ৯০টি রাষ্ট্র অনুমোদন করেছে। প্রতিবন্ধীদের স্বার্থ-সংরক্ষণের জন্য জাতিসংঘের এ সংক্রান্ত ১২ সদস্যের একটি কমিটির সদস্যসংখ্যা বাড়িয়ে এ বছর ১৮ করা হয়েছে।